পাংশায় মা ইলিশ অভিযানে ৪০ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস, দুই জেলের কারাদণ্ড

পাংশায় মা ইলিশ অভিযানে ৪০ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস, দুই জেলের কারাদণ্ড

পাংশা নিউজ
শেয়ার করুন:
প্রকাশ:

পাংশা সংবাদ ডেস্ক: মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে রাজবাড়ীর পাংশায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার দায়ে দুই জেলেকে পাঁচ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

পাংশায় মা ইলিশ অভিযানে ৪০ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস, দুই জেলের কারাদণ্ড
প্রতীকী ছবি

সোমবার (২৬ অক্টোবর) উপজেলার হাবাসপুর ইউনিয়নের শাহামীরপুর এলাকায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর যৌথভাবে এ অভিযান চালায়। অভিযানে আড়াই কেজি ইলিশও জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন পাংশা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ আহম্মেদ। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. তানভীর আহমেদ উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত দুজনই পাবনার সুজানগর উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, মা ইলিশ রক্ষা ও অবৈধভাবে মাছ ধরা ঠেকাতে নিয়মিত অভিযান চলছে। জব্দ করা ইলিশ স্থানীয় চরঝিকড়ী দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসায় দেওয়া হয়েছে।

উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, মা ইলিশের প্রজনন নিশ্চিত করতে ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত নদীতে ইলিশ ধরা নিষিদ্ধ ছিল।

তথ্যসূত্র: উপজেলা প্রশাসন ও স্থানীয় গণমাধ্যম। প্রতীকী ছবি: Ibrahim Husain Meraj / Wikimedia Commons (CC BY-SA 4.0)

শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার নাম ও মন্তব্য লিখুন। মন্তব্য যাচাইয়ের পর প্রকাশ করা হবে।