রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর পাংশা ফিলিং স্টেশন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে মজুত রাখা জ্বালানি তেল জব্দ করা হয়েছে। সেই সাথে ২ জনকে জরিমানা করা হয়েছে।
সোমবার (৩০ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। পাংশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদ আহমেদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে শরীফুল ইসলাম ও মনোয়ার হোসেন নামের ২ জনকে জরিমানা করেছেন।
অভিযান কালে তেল পাম্পের পাশে একটা দোকান থেকে অবৈধভাবে সংরক্ষিত প্রায় ৩২ লিটার পেট্রোল ও অকটেন উদ্ধার করা হয়।
অভিযুক্ত শরিফুল ইসলামকে ৫ হাজার টাকা ও মনোয়ার হোসেনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) সাদ আহমেদ বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং অবৈধ কার্যক্রম প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অবৈধভাবে দাহ্য পদার্থ মজুত রাখা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও আইনত দণ্ডনীয় অপরাধ।
এর আগে পাংশা ফিলিং স্টেশন পরিদর্শন ও মোটর সাইকেলের রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স, হেলমেট ছাড়া তেল না দিতে পাম্প সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান ও পাম্পে থাকা মোটর সাইকেলের কাগজপত্র চেক করেন।


