কালুখালী প্রতিনিধিঃ দীর্ঘ ২৭ বছর লিজ গ্রহণ করে জমির ভোগদখল করছিলো রাজবাড়ীর কালুখালী উপজেলার ৬ কৃষক।
সম্প্রতি ওই জমি জোর করে দখল করায় মঙ্গলবার ৬ কৃষক কালুখালী উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কৃষক আব্দুস সাত্তার। লিখিত বক্তব্যে তিনি জানান, আমরা কালুখালী উপজেলার কুষ্টিয়াডাঙ্গী গ্রামের বাসিন্দা। আমরা পার্শ্ববর্তী চরশ্রীপুর মৌজার বিএস ৩৭০ ও ৪৪০ দাগের ২.৮২ একর জমি দীর্ঘ ২৭ বছর লিজ গ্রহণের মাধ্যমে ভোগ করছি। চলতি বছরেও আমরা ওই জমির লিজ গ্রহণ করেছি। কিন্তু লোকমান,ইমরান,সাগর,সাহেব আলী,তুহিন, জুয়েল,সিহাব,রাসেল ওরফে আগুনসহ ১০/১২ জন দুর্বৃত্ত আমাদের লিজকৃত জমি জোর করে দখল করে নিয়েছে। আমরা বিষয়টি কালুখালী উপজেলা ভূমি কর্মকর্তা ও কালুখালী থানা পুলিশকে লিখিত ভাবে অবগত করেছি। থানা পুলিশ শৃঙ্খলা রক্ষার জন্য দখলদারদের সতর্ক করলেও দখলদাররা তা মানছে না। এছাড়া ভূমি কর্মকর্তা আমাদের চারপাশের সীমানায় লাল পতাকা টানিয়ে দখলদারদের অনধিকার প্রবেশে নিষেধাজ্ঞা দিলেও তা অমান্য করে লাল পতাকা ছিঁড়ে ফেলেছে।
সংবাদ সম্মেলনে কৃষক মোহন আলী,আব্দুর রাজ্জাক,আব্দুল মান্নান,আব্দুল মতিন,রফিকুল ইসলাম,কালাম মন্ডল,শহীদ মন্ডল,সেলিম সরদার প্রমুখ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কৃষকরা জানান, আমরা পাকিস্তান আমলে হিন্দু মালিকের কাছ থেকে জমিটি ক্রয় করি।মালিক ভারত চলে যাওয়ায় জমিটি রেজিস্ট্রেশন হয় না। পরবর্তীতে জমিটি খাস খতিয়ানভুক্ত হয়। আমাদের ক্রয়ের বিষয়টি বিবেচনা করেই দীর্ঘ ২৭ বছর লিজ প্রদান করা হয়।
কৃষকরা বলেন,এ সরকার কৃষকবান্ধব,চাঁদাবাজ ও সন্ত্রাস বিরোধী। তাই সরকারের কাছে আবেদন, আমাদের জমিটি দখলদার মুক্ত করে,আমাদের অধিকার ফিরিয়ে দেওয়া হোক।


