পাংশা সংবাদ ডেস্ক: এশিয়ান হ্যান্ডবল ফেডারেশনের (এএইচএফ) আন্তর্জাতিক রেফারি ব্যাজ অর্জন করেছেন বাংলাদেশের শান্ত মিয়া ও মো. আলমগীর। দেশের কোনো হ্যান্ডবল রেফারির এই স্বীকৃতি পাওয়ার ঘটনা এটিই প্রথম।
পাকিস্তানের ফয়সালাবাদে ২২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত এএইচএফ আয়োজিত ‘কন্টিনেন্টাল হ্যান্ডবল রেফারিজ কোর্স’ সফলভাবে শেষ করেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের (বিএইচএফ) এই দুই রেফারি। সোমবার কোর্সের সমাপনী আয়োজনে কোর্স পরিচালক ও এএইচএফের প্লেয়িং রুলস কমিশনের চেয়ারম্যান সালেহ বিন আশওর তাঁদের হাতে ব্যাজ তুলে দেন।

এই স্বীকৃতির ফলে এখন থেকে এশিয়ার বিভিন্ন আন্তর্জাতিক হ্যান্ডবল প্রতিযোগিতায় ম্যাচ পরিচালনার সুযোগ পাবেন শান্ত ও আলমগীর।
বাংলাদেশে হ্যান্ডবলের যাত্রা শুরু ১৯৮৩ সালে। কিন্তু এত বছরেও কোনো বাংলাদেশি রেফারির কাছে এএইচএফের আনুষ্ঠানিক আন্তর্জাতিক ব্যাজ ছিল না। বাসসের প্রতিবেদনে বলা হয়েছে, এ অর্জন দেশের রেফারিংয়ের মান বাড়াতে এবং অন্য রেফারিদের আন্তর্জাতিক অঙ্গনে জায়গা করে নিতে অনুপ্রেরণা জোগাবে।
কোর্সে অংশ নিতে ২২ অক্টোবর পাকিস্তানে যান এই দুই রেফারি। আগামী ৬ নভেম্বর তাঁদের দেশে ফেরার কথা রয়েছে।
ছবি: Miyuki Meinaka / Wikimedia Commons (CC BY-SA 4.0) — প্রতীকী ছবি। তথ্যসূত্র: বাসস


