পাংশা সংবাদ ডেস্ক: শিশুদের নিউমোনিয়া মোকাবিলায় দেশে যথেষ্ট টিকা মজুত রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন। প্রয়োজন হলে আরও টিকা আমদানির সক্ষমতাও সরকারের আছে বলে উল্লেখ করেন তিনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিশ্ব নিউমোনিয়া দিবস উপলক্ষে ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) বাংলাদেশ পেডিয়াট্রিক সোসাইটি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। সভায় বিশেষ অতিথি ছিলেন বিএমইউর উপাচার্য অধ্যাপক ডা. এফ. এফ. সিদ্দিকী। সঞ্চালনা করেন ফ্যাকাল্টি অব পেডিয়াট্রিকের ডিন অধ্যাপক ডা. মো. আতিয়ার রহমান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, শিশুদের নিউমোনিয়া থেকে রক্ষায় যেসব পদক্ষেপ দরকার, সরকার তা নেবে এবং প্রয়োজনীয় সরঞ্জামসহ সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত। তাঁর মতে, পরিবারের অসচেতনতা ও অস্বাস্থ্যকর পরিবেশ নিউমোনিয়াসহ শিশুদের নানা রোগের অন্যতম কারণ।
গ্রামাঞ্চলে মায়েদের বুকের দুধ খাওয়ানো, শিশুর পুষ্টি ও স্বাস্থ্যবিধি নিয়ে সচেতনতা বাড়াতে প্রায় ২৫ হাজার পরিবারকল্যাণ পরিদর্শিকাকে মাঠপর্যায়ে কাজে লাগানো হবে বলে জানান মন্ত্রী। স্তন পরীক্ষার জন্য তাঁদের বহনযোগ্য ছোট স্ক্রিনিং যন্ত্রও দেওয়া হবে।
এ ছাড়া শ্রীলঙ্কা ও জার্মানির অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশে প্রাথমিক পর্যায়ে স্তন ও জরায়ুমুখ ক্যানসার শনাক্তের ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। এতে আক্রান্ত নারীদের দ্রুত চিকিৎসার আওতায় আনা সহজ হবে বলে তিনি মনে করেন।
ছবি: Ümit Kartoğlu for VOA / Wikimedia Commons (Public domain) — প্রতীকী ছবি। তথ্যসূত্র: বাসস।


