পাংশা সংবাদ ডেস্ক: দেশের সব সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চালাতে নিবন্ধন বাধ্যতামূলক করেছে সরকার। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্থানীয় সরকার বিভাগ ‘সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচল বিধিমালা, ২০২৬’ জারি করে প্রজ্ঞাপন প্রকাশ করেছে। নতুন বিধিমালায় জাতীয় মহাসড়ক, এক্সপ্রেসওয়ে ও প্রধান বাস রুটে এই ধীরগতির যান চলাচল নিষিদ্ধ করা হয়েছে।

গণমাধ্যম সূত্রে জানা যায়, দুই আসনের ই-রিকশার এককালীন নিবন্ধন ফি ধরা হয়েছে ৮ হাজার টাকা, আর চার আসনের জন্য ১০ হাজার টাকা। নবায়নে দিতে হবে যথাক্রমে ৪ হাজার ও ৫ হাজার টাকা; ফিটনেস সনদের ফি ১ হাজার টাকা। নিবন্ধনের মেয়াদ হবে পাঁচ বছর।
আবেদনের কাগজপত্র যাচাইয়ের পর বুয়েট নির্ধারিত কারিগরি ও নিরাপত্তা মান পূরণ হলে ৩০ কার্যদিবসের মধ্যে নিবন্ধন দিতে হবে। প্রতিটি নিবন্ধিত ই-রিকশা পাবে কিউআর কোডযুক্ত আলাদা নম্বর ও নম্বরপ্লেট, যা গাড়ির দৃশ্যমান জায়গায় লাগাতে হবে। আবেদন বাতিল হলে সাত কার্যদিবসের মধ্যে লিখিতভাবে কারণ জানানো হবে এবং আবেদনকারী ১০ কার্যদিবসের মধ্যে আপিল করতে পারবেন।
বিধিমালা অনুযায়ী, একজন ব্যক্তি নিজের একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে সর্বোচ্চ পাঁচটি ই-রিকশা নিবন্ধন করতে পারবেন। যে সিটি করপোরেশন থেকে নিবন্ধন নেওয়া হবে, অন্য সিটি করপোরেশনে সেই ই-রিকশা বাণিজ্যিকভাবে চালানো যাবে না। নতুন বিধিমালার মাধ্যমে ২০২৫ সালের ১৪ ডিসেম্বরের আগের প্রজ্ঞাপনটি বাতিল করা হয়েছে।
ফাইল ছবি: পিআইডি / Wikimedia Commons (Public domain)
তথ্যসূত্র: স্থানীয় সরকার বিভাগের প্রজ্ঞাপন ও জাতীয় গণমাধ্যম


