পাংশা সংবাদ ডেস্ক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে অভিযান চালিয়ে ঘুষ হিসেবে নেওয়া ৪ হাজার ৩০০ টাকাসহ এক ব্যক্তিকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে দুদকের ঝিনাইদহ সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল এ অভিযান চালায়।

গণমাধ্যম সূত্রে জানা যায়, জমি রেজিস্ট্রি করতে আসা লোকজনের টিপসই নেওয়ার সময় তাঁদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে ওই ব্যক্তিকে হাতেনাতে ধরা হয়। অফিসে তিনি কোন পদে নিযুক্ত, তার কোনো নিয়োগপত্র দেখাতে পারেননি।
পরে কালীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্ত ব্যক্তিকে ২০০ টাকা জরিমানা করেন।
দুদকের সহকারী পরিচালক খালিদ মাহমুদ জানান, গোপন খবরের ভিত্তিতে অভিযানটি চালানো হয়। অফিসে উমেদার হিসেবে কাজ করা তিনজনকে সেখান থেকে সরিয়ে দিতে সাব-রেজিস্ট্রারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
প্রতীকী ছবি: Wasiul Bahar / Wikimedia Commons (CC BY-SA 4.0)
তথ্যসূত্র: দুদক ও স্থানীয় গণমাধ্যম


