আগামী শিক্ষাবর্ষের জন্য প্রাক্-প্রাথমিক থেকে নবম-দশম শ্রেণি পর্যন্ত প্রায় ৩১ কোটি পাঠ্যবই ছাপার কাজ চলছে। প্রাথমিক স্তরে ছাপা ও সরবরাহের অগ্রগতি ভালো হলেও মাধ্যমিক স্তরে কাজ বেশ পিছিয়ে আছে। নতুন শিক্ষাবর্ষ শুরু হতে বাকি আর দুই মাস, তাই বছরের শুরুতে সব শিক্ষার্থী সব বই হাতে পাবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) তথ্য অনুযায়ী, ২০ অক্টোবর পর্যন্ত প্রাথমিক স্তরের ৮৬ শতাংশের বেশি বই ছাপা শেষ হয়েছে এবং ৭৪ শতাংশ বই সরবরাহ করা হয়েছে। অন্যদিকে মাধ্যমিক স্তরে প্রথম দফায় দরপত্র হওয়া ২০ কোটি ৮৪ লাখের বেশি বইয়ের প্রায় ৫০ শতাংশ ছাপা হয়েছে। নবম-দশম শ্রেণির বই এ পর্যন্ত সরবরাহ হয়েছে মাত্র ৩ শতাংশের মতো।
চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন করে যুক্ত হতে যাওয়া চারটি বইয়ের ছাপার কার্যাদেশ এখনো দেওয়া হয়নি; রোববার এগুলোর অনুমোদন হওয়ার কথা। সব মিলিয়ে এবার বই ছাপার সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ১ হাজার ৮৭৯ কোটি টাকা।
এনসিটিবির কর্মকর্তারা বলছেন, ৩০ নভেম্বরের মধ্যে ছাপার কাজ শেষ করে বই মাঠপর্যায়ে পাঠানোর লক্ষ্য রয়েছে, আর জানুয়ারিতে শিক্ষার্থীরা সব বই পাবে বলে তাঁরা আশাবাদী। তবে আগের দুই শিক্ষাবর্ষে নির্ধারিত সময়ে সব বই বিতরণ করা যায়নি; চলতি বছর শতভাগ বই সরবরাহে লেগেছিল ৭ ফেব্রুয়ারি পর্যন্ত।
তথ্যসূত্র: প্রথম আলো
ছবি: Romain Salomon / Wikimedia Commons (CC BY-SA 4.0)


