জাতীয় গ্রিডের একাংশে বিপর্যয়ের কারণে মঙ্গলবার প্রায় দুই ঘণ্টা ঢাকার একাংশসহ দেশের বিভিন্ন এলাকা বিদ্যুৎহীন ছিল। মেট্রোরেল লাইনের একটি সাবস্টেশনেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। তবে মেট্রোরেল চলাচলে এর কোনো প্রভাব পড়েনি।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) বলছে, জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণে সারা দেশ বিদ্যুৎহীন হয়ে গেলেও মেট্রোরেল চলাচল বন্ধ হবে না। প্রতিষ্ঠানটির পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) মো. নজরুল ইসলাম জানান, এদিন তাঁরা উত্তরা সাবস্টেশন থেকে বিদ্যুৎ পেয়েছেন।
উত্তরা থেকে মতিঝিল রুটে চলা মেট্রোরেলের জন্য উত্তরা ও মতিঝিলে দুটি সাবস্টেশন রয়েছে। মতিঝিল সাবস্টেশনে বিদ্যুৎ আসে মানিকনগর থেকে, আর উত্তরা সাবস্টেশনে আসে টঙ্গী থেকে।
ডিএমটিসিএল সূত্র জানিয়েছে, বিপর্যয়ের পর মতিঝিল সাবস্টেশনটি বন্ধ হয়ে গেলেও উত্তরা সাবস্টেশন থেকে বিদ্যুৎ পাওয়ায় ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।
তথ্যসূত্র: প্রথম আলো
ছবি: Press Information Department / Wikimedia Commons (Public domain)


