পাংশা সংবাদ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে জাপানপ্রবাসী বাংলাদেশিরা তাকে উষ্ণ অভ্যর্থনা ও শুভেচ্ছা জানান।
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার (২৬ অক্টোবর) জাপানের স্থানীয় সময় সকাল ৯টা ৫ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ৬টা ৫ মিনিটে) তিনি নারিতা বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরে তাকে স্বাগত জানান জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী নাকাসোনে ইয়াসুতাকা।
এর আগে রোববার দিবাগত রাতে বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে প্রতিনিধিদল নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাপানের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সফরে তার সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরসহ সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তারা।
প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, পৌঁছানোর দিনই জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠক শেষে যৌথ সংবাদ বিবৃতি প্রকাশ করা হবে এবং জাপানের প্রধানমন্ত্রীর আয়োজনে মধ্যাহ্নভোজে অংশ নেবেন তিনি।
চার দিনের এ সফরে প্রধানমন্ত্রী জাপান সরকারের কর্মকর্তা, উন্নয়ন সংস্থা ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করবেন, বিভিন্ন শিল্প ও জ্বালানি স্থাপনা পরিদর্শন করবেন এবং ‘বাংলাদেশ-জাপান ইকোনমিক ফোরাম’-এ মূল বক্তব্য দেবেন। পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানিয়েছেন, সফরকালে বেশ কয়েকটি সমঝোতা স্মারক সই হতে পারে।
উল্লেখ্য, ১৯৭২ সালে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে জাপান বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী। ঢাকা মেট্রোরেল, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এবং মাতারবাড়ীর অবকাঠামো উন্নয়নসহ বেশ কয়েকটি বড় প্রকল্প জাপানের সহায়তায় বাস্তবায়িত হচ্ছে।
তথ্যসূত্র: বাসস। ছবি: জাপান বাংলা প্রেস।


