লালনের আখড়াবাড়িতে টাইম বোমা: ব্যাগের সূত্র ধরে তদন্ত, চা বিক্রেতাকে খুঁজছে পুলিশ

লালনের আখড়াবাড়িতে টাইম বোমা: ব্যাগের সূত্র ধরে তদন্ত, চা বিক্রেতাকে খুঁজছে পুলিশ

সমগ্র বাংলাদেশ
শেয়ার করুন:
প্রকাশ: হালনাগাদ:

কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালনের আখড়াবাড়ি থেকে টাইম বোমা উদ্ধারের ঘটনায় এখনো কারও সম্পৃক্ততা নিশ্চিত করতে পারেনি তদন্ত দল। তবে যে ব্যাগে বোমাটি রাখা ছিল, সেই ব্যাগে থাকা ঠিকানার সূত্র ধরে তদন্ত এগোচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। বোমাটি যেখানে পাওয়া যায়, সেখানে থাকা এক অস্থায়ী চা বিক্রেতাকে ঘটনার পর থেকে আর দেখা যায়নি; তদন্তের স্বার্থে পুলিশ তাঁকে খুঁজছে।

ফকির লালন শাহর তিরোধান দিবস উপলক্ষে ছেঁউড়িয়ায় তিন দিনের আয়োজন চলছিল। দ্বিতীয় দিন রোববার দিবাগত রাত দেড়টার দিকে আখড়াবাড়ির ভেতরে একটি ব্যাগে বোমা থাকার খবর পেয়ে পুলিশ এলাকাটি ঘিরে ফেলে। পরদিন সকালে ঢাকা থেকে পুলিশের স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) বোমা নিষ্ক্রিয়কারী দল এসে বোমাটি নিষ্ক্রিয় করে। ঘটনার পর ফকির-সাধু ও দর্শনার্থীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে, সোমবার সকালের মধ্যেই আখড়াবাড়ি প্রায় ফাঁকা হয়ে যায়।

এ ঘটনায় কুমারখালী থানায় বিস্ফোরকদ্রব্য আইনে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মামলা হয়েছে। জেলা পুলিশের কর্মকর্তাদের সঙ্গে এসআরইউর দুজন কর্মকর্তাও তদন্তে যুক্ত হয়েছেন। আয়োজন ঘিরে বসানো শতাধিক সিসি ক্যামেরা এবং পুলিশ সদস্যদের শরীরে থাকা ৪৫টি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। পুলিশের ধারণা, রাত ১০টা থেকে ১২টার মধ্যে কোনো এক সময় বোমাটি রাখা হয়েছিল।

পুলিশ জানিয়েছে, বোমাটিতে রিচার্জেবল ব্যাটারি, তার, একটি সার্কিট, দুটি আতশবাজি ও টিস্যুতে মোড়ানো দিয়াশলাইয়ের কাঠি ব্যবহার করা হয়েছিল। নির্ধারিত সময়ে আতশবাজি ফেটে পাশে রাখা পেট্রলের বোতলে আগুন ধরলে মুহূর্তে আগুন ছড়িয়ে পড়তে পারত, এতে দগ্ধ হয়ে ও হুড়োহুড়িতে প্রাণহানির আশঙ্কা ছিল। পুলিশের ধারণা, কেউ ব্যাগটি খুলতে গেলে তারের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, সে কারণেই হয়তো বিস্ফোরণ ঘটেনি।

তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিদের ধারণা, বোমাটি স্থানীয়ভাবে তৈরি। লালনের মতাদর্শের বিরোধী কেউ নিজ উদ্যোগে এ ঘটনা ঘটিয়ে থাকতে পারেন বলে তাঁরা মনে করছেন, তবে বিষয়টি এখনো তদন্তাধীন।

তথ্যসূত্র: প্রথম আলো

ছবি: Ferdous / Wikimedia Commons (CC BY-SA 3.0)

শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার নাম ও মন্তব্য লিখুন। মন্তব্য যাচাইয়ের পর প্রকাশ করা হবে।