রাজধানীর গেন্ডারিয়ায় আগ্নেয়াস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে অংশ নিয়ে বিতর্কের মুখে পড়া মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন পদত্যাগ করেছেন। প্রধানমন্ত্রীর নির্দেশেই পদ ছাড়ছেন বলে জানিয়ে তিনি বলেছেন, বিএনপি ও সরকারকে বিব্রতকর পরিস্থিতি থেকে রক্ষা করতেই এই সিদ্ধান্ত। তবে অভিযানে তিনি কোনো ভুল করেননি বলে দাবি করেছেন।
ইশরাকের পদত্যাগের মধ্য দিয়ে গত ফেব্রুয়ারিতে তারেক রহমানের নেতৃত্বে গঠিত বর্তমান মন্ত্রিসভা থেকে এ পর্যন্ত তিনজন সদস্য বাদ পড়লেন। এর আগে গত ১ জুন শারীরিক অসুস্থতার কথা জানিয়ে পদত্যাগ করেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। আর গত ২২ আগস্ট তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনকে মন্ত্রিসভা থেকে সরিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা করা হয়।
প্রথম আলোর এক পর্যালোচনা অনুযায়ী, স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময়ে প্রায় তিন ডজন মন্ত্রী-প্রতিমন্ত্রী পদত্যাগ করেছেন বা মন্ত্রিসভা থেকে বাদ পড়েছেন। এমন প্রথম ঘটনা ঘটে ১৯৭৩ সালে, তৎকালীন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মিজানুর রহমান চৌধুরীর পদত্যাগের মধ্য দিয়ে।
তবে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র হাতে অভিযান চালানোর ঘটনাকে কেন্দ্র করে মন্ত্রিত্ব ছাড়ার নজির আগে নেই। সে কারণেই ইশরাকের পদত্যাগকে ব্যতিক্রম হিসেবে দেখা হচ্ছে। ঘটনাটি রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
তথ্যসূত্র: প্রথম আলো
ছবি: Press Information Department / Wikimedia Commons (Public domain)


