কালুখালী প্রতিনিধিঃ কোন প্রকার সংযোগ সড়ক ছাড়াই ২ টি ব্রিজ।তাও আবার ২ পরিবারের সুবিধার জন্য। ১শ ফুট ব্যবধানের এমন কাজ বন্ধের দাবীতে বুধবার রাজবাড়ীর কালুখালী উপজেলার ফুলকাউন্নার এলাকায় মানববন্ধন করেছে ৫ শতাধিক এলাকাবাসী।
এলাকাবাসীর দাবী ১ টি ব্রিজ সড়কের মুখে করলে ২ শ পরিবার উপকৃত হবে।
এলাকাবাসী জানান, আমাদের এখানে (মোসলেম) বাড়ির সামনে একটি ব্রিজ নির্মাণ করার জন্য মাপ-ঝোপ করে গেছে। একটি বিদ্যুতের খুঁটিও সরানো হয়েছে। কিন্তু ব্রিজটি এখানে না করে চাঁদ আলীর বাড়ির সামনে করা হচ্ছে। একই স্থানে আরও একটি ব্রিজ নির্মাণ করা হচ্ছে। একটি পরিবারের জন্য ১শ ফিট ব্যবধানে দুইটি ব্রিজ নির্মাণ করা হচ্ছে। অথচ এখানে ব্রিজ হলে প্রায় ৫শ পরিবার খাল পারাপারে সুবিধা পাবে। এছাড়াও কৃষকরা তাদের কৃষি পণ্য আনা নেওয়া ও শিক্ষার্থী তাদের নির্বিঘ্নে তাদের শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে পারবে।
নির্মাণাধীন ব্রিজের সামনের বাসিন্দা, চাঁদ আলী বলেন, আমি ও আমার বোন শাহিদার বাড়ির সামনে ব্রিজ ২ টি নির্মাণ করা হচ্ছে। আমাদের বাড়ির পাশ দিয়ে কোন রাস্তা নেই। এখানে আমাদের দুইটি পরিবারের জন্য এই ব্রিজটি নির্মাণ করা হচ্ছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে গেলে প্রকৌশলী অরুন কুমার দাসকে পাওয়া যায়নি। তার দপ্তর সূত্রে জানা যায়, ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্পের (২ পর্যায়) আওতায় ৩ টি ব্রিজ, ১ টি অফিসসহ মোট পাঁচটি কাজের জন্য ২ কোটি ১০ লাখ টাকা বরাদ্দ হয়। জাইকা এ প্রকল্পের ব্যয় বহন করছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবাহ উদ্দিন বলেন, বিষয়টি আপনাদের মাধ্যমে জানতে পারলাম। সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


