মিরপুরে সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত, আহত ৪
নুরুজ্জামান, মিরপুর।।
কুষ্টিয়ার মিরপুরে কাভার্ড ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে আবু সাঈদ জাকারিয়া (২৪) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর স্ত্রী রুকাইয়াসহ আরও চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। দুর্ঘটনার পর পুলিশ কাভার্ড ভ্যানটি আটক করলেও এর চালক পালিয়ে গেছেন।
রোববার (২৫ অক্টোবর) দুপুরে কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক সড়কের মিরপুর উপজেলার চারমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু সাঈদ জাকারিয়া কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
মিরপুর থানা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, সিএনজিচালিত অটোরিকশাটি চারজন যাত্রী নিয়ে কুষ্টিয়া থেকে খলিশাকুন্ডির দিকে যাচ্ছিল। পথে চারমাইল এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি কাভার্ড ভ্যান অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি উল্টে গিয়ে চালকসহ পাঁচজন আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আবু সাঈদ জাকারিয়াকে মৃত ঘোষণা করেন। আহত অন্যদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁদের মধ্যে জাকারিয়ার স্ত্রী রুকাইয়াও রয়েছেন।
কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত সদস্য মোহাম্মদ রাফি হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, দুর্ঘটনার পর পুলিশ কাভার্ড ভ্যানটি আটক করেছে। তবে চালক পালিয়ে গেছেন।
এ দুর্ঘটনায় একজন তরুণের মৃত্যু এবং চারজনের আহত হওয়ার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিশেষ করে নিহতের স্ত্রীও গুরুতর আহত হওয়ায় পরিবারটির ওপর নেমে এসেছে গভীর অনিশ্চয়তা।


