পাংশা সংবাদ ডেস্ক: আগামী বছরের হজ নিয়ে সৌদি আরবের সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তি সই করেছে বাংলাদেশ। এ চুক্তির আওতায় ২০২৭ সালে বাংলাদেশ থেকে ৮৩ হাজার ৫০০ জন হজ পালন করতে পারবেন।
সোমবার সৌদি সময় সন্ধ্যা ৭টায় জেদ্দায় চুক্তিতে সই করেন বাংলাদেশের ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ এবং সৌদি আরবের হজ ও ওমরাহমন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল-রাবিয়াহ। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসস এ তথ্য জানিয়েছে।

ধর্মমন্ত্রী জানান, বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে সৌদি মন্ত্রী তাৎক্ষণিকভাবে বাংলাদেশের কোটা আরও ৫ হাজার বাড়িয়েছেন। এতে মোট কোটা দাঁড়িয়েছে ৮৩ হাজার ৫০০-তে। গত বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করেছিলেন।
বৈঠকে মিনায় তাঁবুর ধারণক্ষমতার সীমাবদ্ধতার বিষয়টিও আলোচনায় আসে। তবে কোনো দেশ নির্ধারিত কোটা অনুযায়ী হজযাত্রী পাঠাতে না পারলে বা কোনো দেশের কোটা বাতিল হলে সেই কোটা অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশকে দেওয়ার বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছেন সৌদি মন্ত্রী।
চুক্তি সইয়ের সময় ধর্ম মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেন ও জেদ্দায় বাংলাদেশের কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেনসহ দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ছবি: Ali Mansuri / Wikimedia Commons (CC BY-SA 2.5) — প্রতীকী ছবি। তথ্যসূত্র: বাসস


