পাংশা সংবাদ ডেস্ক: স্ট্রোক, পক্ষাঘাত, মেরুদণ্ডের আঘাত কিংবা সড়ক দুর্ঘটনার পর হাত-পায়ের স্বাভাবিক নড়াচড়া হারানো রোগীদের রোবট ও কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) থেরাপি দিচ্ছে রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) রোবোটিক রিহ্যাবিলিটেশন সেন্টার। চালুর পর থেকে এ পর্যন্ত প্রায় ৪৫০ জন রোগী এখানে চিকিৎসা নিয়েছেন, থেরাপি সেশন হয়েছে প্রায় ১১ হাজার।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসসের এক বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় সহায়তা হিসেবে চীন সরকার ৬২টি রোবোটিক যন্ত্র দিয়েছে, যার ২২টি এআইভিত্তিক। সঙ্গে ২৪ জন চিকিৎসক, নার্স ও ফিজিওথেরাপিস্টকে প্রশিক্ষণও দিয়েছে দেশটি। ২০২৫ সালের এপ্রিলে চীনা প্রকৌশলীরা যন্ত্রগুলো বসানোর পর ওই বছরের ৩১ আগস্ট বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালের বেজমেন্টে কেন্দ্রটির কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে গণঅভ্যুত্থানে আহত ৩৭ জন বিনামূল্যে এ সেবা পান।

কেন্দ্রটি চলে বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের তত্ত্বাবধানে। বিভাগের চেয়ারম্যান ও কেন্দ্রের প্রধান অধ্যাপক ডা. এম এ শাকুরের মতে, দক্ষিণ এশিয়ায় এ ধরনের কেন্দ্র খুবই কম। এখন দিনে গড়ে ৪০ থেকে ৫০ জন রোগী থেরাপি নিতে আসছেন। তবে প্রয়োজনীয় জনবল না থাকায় আরও বেশি মানুষকে সেবা দেওয়া যাচ্ছে না বলে জানান তিনি।
চিকিৎসকেরা জানান, এখানে রোগীর হাত-পা নাড়ানো, ভাঁজ করা বা সোজা করার কাজ করে যন্ত্র; কোন অঙ্গে কতটা মাত্রায় ও কতক্ষণ থেরাপি চলবে, তা কম্পিউটারে আগেই ঠিক করে দেন চিকিৎসক ও ফিজিওথেরাপিস্ট। নির্দেশনায় ভুল থাকলে এআইভিত্তিক যন্ত্র তা ধরতে পারে এবং থেমে গিয়ে পুনর্মূল্যায়নের সংকেত দেয়। প্রতিটি যন্ত্রের সামনের মনিটরে খেলার মতো কর্মসূচি থাকায় রোগী নিজের নড়াচড়া ও অগ্রগতি দেখতে পান। তবে কতটা উন্নতি হবে, তা নির্ভর করে রোগের ধরন, আঘাতের মাত্রা ও রোগীর শারীরিক অবস্থার ওপর।
কেন্দ্রে থেরাপি নিতে আসা এক রোগী জানান, সেবা পেতে বহির্বিভাগ থেকে ৩০ টাকার একটি টিকিট কাটতে হয়; থেরাপির জন্য চিকিৎসক বা ফিজিওথেরাপিস্টের পরামর্শে আলাদা কোনো টাকা লাগে না।
ছবি: Happi Raphael / Wikimedia Commons (CC BY-SA 4.0) — প্রতীকী ছবি। তথ্যসূত্র: বাসস


