পাংশা সংবাদ ডেস্ক: পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালের উত্তর-পশ্চিম উপকূলে অভিবাসীবাহী একটি ছোট নৌকা উল্টে অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে। দেশটির জরুরি উদ্ধারকর্মীরা রোববার বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানান। আরও অনির্দিষ্টসংখ্যক মানুষ নিখোঁজ রয়েছেন।
কর্তৃপক্ষের ভাষ্যমতে, ‘পিরোগ’ নামে পরিচিত সমতল তলার নৌকাটি রাজধানী ডাকার ও উত্তরের শহর সেন্ট লুইয়ের মাঝামাঝি কেবেমের বিভাগের লুমপুল বালিয়াড়ির কাছে উল্টে যায়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রাথমিক বিবৃতিতে ২১টি মরদেহ উদ্ধার ও একজনকে জীবিত উদ্ধারের কথা জানানো হয়েছিল; উদ্ধার অভিযান এগোনোর সঙ্গে সঙ্গে মৃতের সংখ্যা বাড়তে থাকে। কর্তৃপক্ষ ঘটনাটি শনিবারের বললেও দেশটির প্রধান অভিবাসী সহায়তা সংগঠন বোজা ফিইয়ের প্রতিষ্ঠাতা সালিউ দিউফের দাবি, নৌকাডুবি ঘটেছে শুক্রবার।

ওই সংগঠনের তথ্য অনুযায়ী, নিহত সবার জাতীয়তা এখনো নিশ্চিত হয়নি, তবে শনিবার উদ্ধার হওয়া মরদেহগুলো সেনেগালের নাগরিকদের। প্রেসিডেন্ট বাসিরু দিয়োমায়ে ফায়ে ফেসবুকে দেওয়া এক পোস্টে জানান, নিখোঁজদের সন্ধান, বেঁচে যাওয়াদের চিকিৎসা এবং নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে রাষ্ট্রের সব সংস্থা ও প্রয়োজনীয় সম্পদ কাজে লাগানো হয়েছে।
পশ্চিম আফ্রিকা থেকে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছানোর এই বিপজ্জনক পথে সাম্প্রতিক বছরগুলোতে হাজারো মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যেই শুক্রবার একই ধরনের নৌকায় স্পেনে যাওয়ার চেষ্টাকালে ১৪২ জন অভিবাসীকে আটক করেছে সেনেগালের কর্তৃপক্ষ।
ছবি: HaguardDuNord / Wikimedia Commons (CC BY-SA 3.0) — প্রতীকী ছবি। তথ্যসূত্র: বাসস/এএফপি


