পাংশা সংবাদ ডেস্ক: সৌদি আরবে মদিনা থেকে জেদ্দা ফেরার পথে সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশির মৃত্যুর খবর নিশ্চিত করেছে জেদ্দায় বাংলাদেশের কনস্যুলেট জেনারেল। কনস্যুলেটের প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে আল-হিমনা নামক স্থানে এ দুর্ঘটনায় তিনটি পরিবারের ১৩ জন হতাহত হন—সাতজন মারা যান, আহত হন ছয়জন। হতাহতদের সবার বাড়ি কক্সবাজার জেলায়।
প্রতিবেদনে বলা হয়, গাড়িটি চালাচ্ছিলেন একজন পাকিস্তানি নাগরিক। খোলাইস ট্রাফিক অফিসের কর্মকর্তাদের প্রাথমিক ধারণা, ঘণ্টায় প্রায় ১৬০ কিলোমিটার গতিতে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে যায়। তবে চালকের দাবি, টায়ার ফেটে দুর্ঘটনা ঘটেছে। তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।

গাড়িতে আল-আবির কোম্পানিতে কর্মরত চার বাংলাদেশি কর্মী ও তাঁদের পরিবারের সদস্যরা ছিলেন। নিহতদের মধ্যে একজন বাবা ও তাঁর তিন সন্তান রয়েছেন। নিহত এক নারী কয়েক দিন আগে ওমরাহ পালন করতে সৌদি আরবে গিয়েছিলেন। আহতদের চারজন খোলাইস জেনারেল হাসপাতাল, জেদ্দার কিং আবদুল আজিজ হাসপাতাল ও ইস্ট জেদ্দা হাসপাতালে চিকিৎসাধীন; বাকি দুজন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন। মরদেহগুলো আল-হিমনা ও খোলাইস জেনারেল হাসপাতালে রাখা হয়েছে।
খবর পেয়ে কনস্যুলেটের কাউন্সেলর (শ্রম) একজন আইন সহকারীকে নিয়ে খোলাইস ট্রাফিক অফিসে গিয়ে দুর্ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করেন বলে জানানো হয়েছে।
এদিকে রোববার এক শোকবার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন। তিনি বলেছেন, সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস ও কনস্যুলেটের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবার ও আহতদের প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এ তথ্য জানান।
ছবি: Cyfjifwi_Qydvtf / Wikimedia Commons (CC BY 3.0) — প্রতীকী ছবি। তথ্যসূত্র: বাসস (জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের প্রাথমিক প্রতিবেদন)


