নাহিদার নেতৃত্বে নারী ইমার্জিং নেশনস ট্রফিতে বাংলাদেশ, চোটে ছিটকে গেলেন মারুফা

নাহিদার নেতৃত্বে নারী ইমার্জিং নেশনস ট্রফিতে বাংলাদেশ, চোটে ছিটকে গেলেন মারুফা

খেলাধুলা
শেয়ার করুন:
প্রকাশ:

পাংশা সংবাদ ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের আজমানে অনুষ্ঠেয় আইসিসি নারী টি-টোয়েন্টি ইমার্জিং নেশনস ট্রফির জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলকে নেতৃত্ব দেবেন বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার, সহ-অধিনায়কের দায়িত্বে সোবহানা মোস্তারি।

ডান পায়ের গোড়ালির চোটের কারণে দলে জায়গা পাননি পেসার মারুফা আক্তার। এই আসর দিয়েই টি-টোয়েন্টিতে বাংলাদেশের অধিনায়ক হিসেবে যাত্রা শুরু হচ্ছে নাহিদার। সেপ্টেম্বরে এশিয়ান গেমসের পর এই সংস্করণের নেতৃত্ব ছেড়ে দেন নিগার সুলতানা জ্যোতি।

২০১৮ সালে এশিয়া কাপ জয়ের পর উদযাপনে বাংলাদেশ নারী ক্রিকেট দল
২০১৮ সালে এশিয়া কাপ জয়ের পর ঢাকায় বাংলাদেশ নারী দলের উদযাপন। ছবি: Nurunnaby Chowdhury (Hasive) / Wikimedia Commons (CC BY-SA 4.0) — ফাইল ছবি

এশিয়ান গেমসের দল থেকে তিনটি পরিবর্তন এসেছে। মারুফা, সুলতানা খাতুন ও শারমিন সুলতানার বদলে ডাক পেয়েছেন ব্যাটার সাথী রানী, স্পিনার জান্নাতুল ফেরদৌস সুমনা এবং পেস বোলিং অলরাউন্ডার দিশা বিশ্বাস। সাথী প্রায় দুই বছর আর সুমনা দেড় বছর পর টি-টোয়েন্টি দলে ফিরলেন; দিশার এখনো এই সংস্করণে অভিষেক হয়নি।

দশ দলের এই টুর্নামেন্টের দ্বিতীয় আসর শুরু হবে ১২ নভেম্বর। উদ্বোধনী দিনেই পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ১৩ নভেম্বর জিম্বাবুয়ে, ১৬ নভেম্বর নেদারল্যান্ডস এবং ১৮ নভেম্বর থাইল্যান্ডের বিপক্ষে খেলবে দলটি। দুই গ্রুপের সেরা তিনটি করে দল উঠবে সুপার সিক্সে, ফাইনাল ২৫ নভেম্বর। দল ১০ নভেম্বর আমিরাতের উদ্দেশে রওনা হবে।

বাংলাদেশ দল: নাহিদা আক্তার (অধিনায়ক), সোবহানা মোস্তারি (সহ-অধিনায়ক), নিগার সুলতানা জ্যোতি, শারমিন আক্তার সুপ্তা, স্বর্ণা আক্তার, রিতু মনি, দিলারা আক্তার, রাবেয়া খান, দিশা বিশ্বাস, ফারিহা ইসলাম তৃষ্ণা, ফাহিমা খাতুন, জুয়াইরিয়া ফেরদৌস, জান্নাতুল ফেরদৌস সুমনা, সানজিদা আক্তার মেঘলা ও সাথী রানী।

ছবি: Nurunnaby Chowdhury (Hasive) / Wikimedia Commons (CC BY-SA 4.0) — ফাইল ছবি। তথ্যসূত্র: বাসস

শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার নাম ও মন্তব্য লিখুন। মন্তব্য যাচাইয়ের পর প্রকাশ করা হবে।