পাংশা সংবাদ ডেস্ক: নভেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ভোক্তা পর্যায়ে ১২ কেজির সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা করা হয়েছে। অক্টোবরে এই সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৮৩৭ টাকা।
সোমবার (২ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। নতুন দর ওই দিন রাত ৮টা থেকে কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বহাল থাকবে। সৌদি আরামকোর ঘোষিত প্রোপেন ও বিউটেনের গড় মূল্য এবং ডলারের বিনিময় হার বিবেচনায় নিয়ে দাম সমন্বয় করা হয়েছে।

বেসরকারি এলপিজির খুচরা মূল্য মূসকসহ প্রতি কেজি ১৭১ টাকা ৬৯ পয়সা ধরা হয়েছে। সে হিসাবে সাড়ে ১২ কেজির সিলিন্ডার ২ হাজার ১৪৬ টাকা, ১৫ কেজি ২ হাজার ৫৭৫ টাকা, ২০ কেজি ৩ হাজার ৪৩৪ টাকা, ২৫ কেজি ৪ হাজার ২৯২ টাকা, ৩৫ কেজি ৬ হাজার ৯ টাকা এবং ৪৫ কেজির সিলিন্ডার ৭ হাজার ৭২৬ টাকায় বিক্রি হবে।
যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম মূসকসহ লিটারপ্রতি ৮৪ টাকা ৬২ পয়সা থেকে বাড়িয়ে ৯১ টাকা ৯৫ পয়সা করা হয়েছে। আর রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা বেসরকারি এলপিজির দাম কেজিপ্রতি ১৬৫ টাকা ৮৫ পয়সা নির্ধারণ করা হয়েছে।
ছবি: Biswarup Ganguly / Wikimedia Commons (CC BY 3.0) — প্রতীকী ছবি। তথ্যসূত্র: বাসস


