মিরপুরে ২৬ বিঘা সরকারি জমি উদ্ধার, নজরে আরও ১০০ বিঘা

মিরপুরে ২৬ বিঘা সরকারি জমি উদ্ধার, নজরে আরও ১০০ বিঘা

সমগ্র বাংলাদেশ
শেয়ার করুন:
প্রকাশ: হালনাগাদ:
মিরপুরে ২৬ বিঘা সরকারি জমি উদ্ধার, নজরে আরও ১০০ বিঘা

নুরুজ্জামান, মিরপুর (কুষ্টিয়া):

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় দীর্ঘদিন ধরে অবৈধ দখলে থাকা ২৬ বিঘা সরকারি জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিস। উদ্ধার করা জমিতে লাল পতাকা টাঙিয়ে সরকারি সম্পত্তি হিসেবে চিহ্নিত করা হয়েছে। একই সঙ্গে উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধ দখলে থাকা আরও প্রায় ১০০ বিঘা সরকারি জমি উদ্ধারে প্রশাসনের তৎপরতা অব্যাহত রয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) সকালে উপজেলার ১২ নম্বর আমবাড়িয়া ইউনিয়নের মুহাম্মদপুর ও হালসা মাঠ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এসব জমি উদ্ধার করা হয়। অভিযানে সরাসরি উপস্থিত থেকে নেতৃত্ব দেন মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ শাহীন খসরু। উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সরকারি খাসজমি অবৈধভাবে দখলে থাকার বিষয়টি প্রশাসনের নজরে আসে। সরকারি সম্পত্তি পুনরুদ্ধার এবং ভূমির প্রকৃত মালিকানা ও সরকারি স্বার্থ সুরক্ষায় প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের মাধ্যমে ২৬ বিঘা জমি দখলমুক্ত করে সেগুলো সরকারি সম্পত্তি হিসেবে চিহ্নিত করা হয়েছে।

অভিযান চলাকালে ইউএনও আফরোজ শাহীন খসরু গণমাধ্যমকে জানান, সরকারি সম্পত্তি অবৈধ দখলে রাখার কোনো সুযোগ নেই। পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধ দখলে থাকা সরকারি জমি উদ্ধারে অভিযান পরিচালনা করা হবে। মিরপুর উপজেলায় আরও প্রায় ১০০ বিঘা সরকারি জমি উদ্ধারের লক্ষ্যে প্রশাসনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, সরকারি সম্পত্তি রক্ষা, অবৈধ দখল উচ্ছেদ এবং জনস্বার্থ নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এদিকে, সরকারি জমি উদ্ধারে উপজেলা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও এলাকাবাসী। তাঁদের মতে, সরকারি সম্পত্তি অবৈধ দখলমুক্ত করা হলে একদিকে যেমন রাষ্ট্রীয় সম্পদের সুরক্ষা নিশ্চিত হবে, অন্যদিকে এসব জমি জনস্বার্থে ব্যবহারের সুযোগ সৃষ্টি হবে।

সরকারি জমি উদ্ধারে উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে মিরপুরে ভূমি ব্যবস্থাপনায় শৃঙ্খলা প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয়রা।

শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার নাম ও মন্তব্য লিখুন। মন্তব্য যাচাইয়ের পর প্রকাশ করা হবে।