পাংশা সংবাদ ডেস্ক: ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টার সময় তিন ভারতীয় নাগরিকসহ নয়জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের শ্রীনাথপুর বিওপির একটি টহল দল তাঁদের আটক করে।

গণমাধ্যম সূত্রে জানা যায়, সীমান্তের মেইন পিলার ৬১-এর কাছে টহলের সময় সীমান্ত থেকে প্রায় ৩০০ গজ ভেতরে হালদারপাড়া গ্রামে ইছামতী নদীর বাঁশের সাঁকোর পাশ থেকে তাঁদের ধরা হয়। আটক ভারতীয়রা পশ্চিমবঙ্গের নদীয়া জেলার বাসিন্দা; তাঁদের মধ্যে একজন শিশু রয়েছে। বাকি ছয়জন গোপালগঞ্জ, বরিশাল, পিরোজপুর ও ঝিনাইদহের বাসিন্দা।
মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক (মিডিয়া) মুন্সি ইমদাদুর রহমান জানিয়েছেন, আটক ব্যক্তিদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
মহেশপুর থানার ওসি ইমরান আলমের ভাষ্য, ভারতীয় নাগরিকদের পরিচয় শনাক্ত করা হয়েছে। তাঁরা অবৈধ পথে বাংলাদেশে আত্মীয়স্বজনের বাড়িতে বেড়াতে এসেছিলেন এবং একইভাবে ফেরার চেষ্টার সময় ধরা পড়েন।
ছবি (প্রতীকী): Shadman Samee from Dhaka, Bangladesh / Wikimedia Commons (CC BY-SA 2.0)
তথ্যসূত্র: মহেশপুর ৫৮ বিজিবি ও মহেশপুর থানা পুলিশ; গণমাধ্যম সূত্র (বাংলানিউজ২৪)


