পাংশা সংবাদ ডেস্ক: পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়া শুরু করার অনুমোদন দিয়েছে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়েরা)। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এ অনুমোদন দেওয়া হয়।

এ ধাপে চুল্লির ভেতরে প্রথমবারের মতো স্বনির্ভর পারমাণবিক চেইন রিঅ্যাকশন, অর্থাৎ নিয়ন্ত্রিত বিভাজন প্রক্রিয়া চালু করা হবে। এরপর ধীরে ধীরে নিরাপদ উপায়ে চুল্লিতে শক্তি উৎপাদন শুরু হবে। গণমাধ্যমের খবরে বলা হয়, এর আগের সব পরীক্ষা-নিরীক্ষা সফলভাবে শেষ হয়েছে।
এদিকে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থা রসাটমের জ্বালানি বিভাগের অধীন নভোসিবিরস্ক কেমিক্যাল কনসেন্ট্রেট প্ল্যান্টে তৈরি জ্বালানির একটি চালান সম্প্রতি বিশেষ কার্গো ফ্লাইটে দেশে পৌঁছেছে। প্রথম জ্বালানি চক্র শেষ হওয়ার পর চুল্লিতে নতুন করে জ্বালানি ভরতে (রিফুয়েলিং) এগুলো ব্যবহার করা হবে।
প্ল্যান্টে পৌঁছানোর পর জ্বালানি কনটেইনারগুলো নির্দিষ্ট সংরক্ষণাগারে রাখা হয়েছে। পারমাণবিক ও বিকিরণ নিরাপত্তার নিয়ম মেনে বাংলাদেশ, প্রধান ঠিকাদার ও জ্বালানি প্রস্তুতকারকের প্রতিনিধিদের নিয়ে গঠিত যৌথ কমিশন প্রতিটি জ্বালানি অ্যাসেম্বলি দৃশ্যমান ও যন্ত্রনির্ভর পরীক্ষার মাধ্যমে যাচাই করবে।
রূপপুর কেন্দ্রের প্রতিটি ইউনিটে রাশিয়ার নকশার ভিভিইআর-১২০০ চুল্লি বসানো হয়েছে, যার প্রতিটির সক্ষমতা প্রায় ১ হাজার ২০০ মেগাওয়াট।
ছবি: Jusujon1980 / Wikimedia Commons (CC BY-SA 4.0)
তথ্যসূত্র: গণমাধ্যম সূত্র (দৈনিক সকাল)


