পাংশা সংবাদ ডেস্ক: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত হয়েছে। এবারের দিবসের প্রতিপাদ্য ছিল ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’।
গণমাধ্যম সূত্রে জানা যায়, বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উদ্যোগে উপজেলা চত্বর থেকে র্যালিটি বের হয়। ঢাকা-খুলনা মহাসড়ক ঘুরে সেটি আবার উপজেলা চত্বরে ফিরে শেষ হয়। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল হুদা। উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয় সাংবাদিকেরা কর্মসূচিতে অংশ নেন।
আলোচনায় বক্তারা বলেন, সড়কে প্রাণহানি কমাতে চালক, যাত্রী ও পথচারী—সবাইকে সচেতন হতে হবে। নির্ধারিত গতিসীমা মেনে গাড়ি চালানো, মোটরসাইকেলে মানসম্মত হেলমেট পরা, চালানোর সময় মোবাইল ফোন বা ইয়ারফোন ব্যবহার না করা এবং মোটরসাইকেলে বাড়তি আরোহী না নেওয়ার ওপর তাঁরা বিশেষ জোর দেন।
তথ্যসূত্র: স্থানীয় গণমাধ্যম


