কুষ্টিয়ার মিরপুরে মসজিদে দ্বীনি আলোচনা নিয়ে বিএনপি-জামায়াত'র বাকবিতণ্ডা ও হাতাহাতি, আহত-৪

কুষ্টিয়ার মিরপুরে মসজিদে দ্বীনি আলোচনা নিয়ে বিএনপি-জামায়াত’র বাকবিতণ্ডা ও হাতাহাতি, আহত-৪

পাংশা নিউজ সমগ্র বাংলাদেশ
শেয়ার করুন:
প্রকাশ: হালনাগাদ:

কুষ্টিয়ার মিরপুর উপজেলার কুর্শায় মসজিদে নামাজ পরবর্তী আলোচনাকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে বাকবিতণ্ডা এবং হাতাহাতির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) আসরের নামাজের পর কুর্শার তারা চাঁদ মন্ডল সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মক্তবে এ ঘটনা ঘটে। এতে কুর্শা ইউনিয়ন জামায়াতের আমীর জয়নাল আবেদীনসহ উভয় পক্ষের অন্তত চারজন আহত হয়েছেন।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, আসরের নামাজ শেষে মসজিদে দ্বীনি আলোচনা চলছিল। একপর্যায়ে আলোচনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। মুহূর্তের মধ্যে তা উত্তেজনায় রূপ নেয় এবং উভয় পক্ষের নেতাকর্মীরা হাতাহাতি ও মারামারিতে লিপ্ত হন। এতে ইউনিয়ন জামায়াত আমীর জয়নাল আবেদীন ও ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক স্বপন শেখসহ চারজন আহত হন। আহতদের উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

মিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক টিপু সুলতান জানান, জামায়াতের লোকজন মসজিদের মধ্যে সাধারণ পাবলিকদের মসজিদের মতো শপথ পরাচ্ছিল, বিএনপি নেতা কর্মীরা সে সময় তাদেরকে মসজিদে রাজনৈতিক আলোচনা না করার জন্য বললে জামায়াত কর্মীরা, বিএনপি কর্মীদের মারধর করে। এতে উভয়ের মধ্যে হাতাহাতি হয়।

মিরপুর উপজেলা জামায়াতের আমির রেজাউল হক জানান, নামাজ শেষে মসজিদে নিয়মিত কোরআন-হাদিসের আলোকে দ্বীনি আলোচনা চলছিল। সেখানে কোনো রাজনৈতিক উদ্দেশ্য বা সভা ছিল না। সম্পূর্ণ অন্যায়ভাবে ওই দ্বীনি আলোচনায় বাধা দেওয়া হয় এবং পরবর্তীতে তাদের নেতাকর্মীদের ওপর হামলা ও মারধর করা হয়। এতে ইউনিয়ন জামায়াতের আমীর জয়নাল আবেদীন, জামায়াত কর্মী ইব্রাহিমসহ আরও এক কর্মী আহত হয়।

মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "মসজিদে আলোচনা নিয়ে বিএনপি ও জামায়াতের সমর্থকদের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনায় উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন। খবর পেয়ে আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বর্তমানে এলাকা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে নজরদারি বাড়ানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।"

শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার নাম ও মন্তব্য লিখুন। মন্তব্য যাচাইয়ের পর প্রকাশ করা হবে।