ক্যানসারে আক্রান্ত রোগীদের মুখের ছবি বিশ্লেষণ করে তাঁদের মৃত্যুঝুঁকি ও বেঁচে থাকার সম্ভাবনা সম্পর্কে আগাম ধারণা দিতে পারে, এমন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুল তৈরি করেছেন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ম্যাস জেনারেল ব্রিগহামের একদল গবেষক। গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে চিকিৎসাবিষয়ক সাময়িকী দ্য ল্যানসেট ডিজিটাল হেলথে।
গবেষকদের দাবি, বিভিন্ন বয়স ও জাতিগোষ্ঠীর ৪ কোটির বেশি মানুষের মুখের ছবি দিয়ে মডেলটিকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এতে থাকা ‘এফএএইচআর-ফেসএজ’ ও ‘এফএএইচআর-ফেসসারভাইভাল’ নামের দুটি টুল মুখের ছবি দেখে মানুষের জৈবিক বয়স অনুমান করতে পারে।
রেডিওথেরাপি নেওয়া যুক্তরাষ্ট্রের ক্যানসার রোগীদের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, যাঁদের এআই প্রকৃত বয়সের চেয়ে অন্তত পাঁচ বছর বেশি বয়স্ক বলে অনুমান করেছে, তাঁদের মৃত্যুঝুঁকি ২১ শতাংশের বেশি ছিল। আর যাঁদের অন্তত পাঁচ বছর কম বয়সী মনে করেছে, তাঁদের মৃত্যুঝুঁকি ছিল ১৭ শতাংশের কম।
গবেষকদের মতে, ক্যানসারের চিকিৎসা শুরুর আগে রোগীর শারীরিক অবস্থা মূল্যায়নে এই টুল চিকিৎসকদের সহায়তা করতে পারে। ম্যাস জেনারেল ব্রিগহামের জ্যেষ্ঠ গবেষক হুগো অ্যার্টস বলেছেন, একই টুল দিয়ে স্বাস্থ্যসংক্রান্ত অন্যান্য সূচক মূল্যায়নের প্রযুক্তিও তৈরি করা যেতে পারে। গবেষকেরা ধূমপান, অতিরিক্ত মদ্যপান ও মাদক গ্রহণের সঙ্গে মুখে বয়সের ছাপের সম্পর্কও পেয়েছেন।
তথ্যসূত্র: প্রথম আলো
ছবি: Goleisureintl / Wikimedia Commons (CC BY 4.0)


