ভেড়ামারায় পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে অভিযান, সরঞ্জাম জব্দ: কিছুক্ষণ পরেই দু'পক্ষের

ভেড়ামারায় পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে অভিযান, সরঞ্জাম জব্দ: কিছুক্ষণ পরেই দু’পক্ষের

পাংশা নিউজ সমগ্র বাংলাদেশ
শেয়ার করুন:
প্রকাশ:
ভেড়ামারায় পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে অভিযান, সরঞ্জাম জব্দ: কিছুক্ষণ পরেই দু'পক্ষের

ভেড়ামারায় পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে অভিযান, সরঞ্জাম জব্দ:

কিছুক্ষণ পরেই দু’পক্ষের গোলাগুলি

‎

‎

‎

‎

‎স্টাফ রিপোর্টার:

‎কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে অভিযান দিয়েছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডাক্তার গাজী আশিক বাহার। এসময় সংশ্লিষ্টরা পালিয়ে গেলেও জব্দ করা হয়েছে বালু উত্তোলনের সরঞ্জামাদি। ঠিক এর কিছুক্ষণ পরেই ওই অঞ্চলে অবৈধভাবে বালু উত্তোলনে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের জোরালো গোলাগুলির ঘটনা ঘটেছে।এই নিয়ে গত এক মাসে তিনবার গোলাগুলির ঘটনা ঘটলো। ফলে এই এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

গতকাল ‎বুধবার (১১ নভেম্বর) বিকেলে বাল্কহেট দিয়ে বালু উত্তোলনের সময় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. গাজী আশিক বাহার। এ সময় তাঁর সঙ্গে ভেড়ামারা থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এর আধা ঘন্টা পর গোলাগুলি ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার বাহিরচর ইউনিয়নের মুন্সিপাড়া এলাকায় পদ্মা নদীর ভাঙন রোধে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জিও ব্যাগ ফেলা সংরক্ষিত এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। ‎প্রশাসনের অভিযানের খবর পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয়।‎উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় জব্দকৃত সরঞ্জামের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে অভিযান শেষ করে আসার আধাঘন্টা পর বালুমহালে প্রাধান্য বিস্তার নিয়ে দুপক্ষের মধ্যে চরম গোলাগুলি হয়। গুলিতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। এই নিয়ে গত এক মাসে তিনবারের অধিক গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বিশ্বস্ত একটি সূত্র। বারবার গোলাগুলির এই ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডাক্তার গাজী আশিক বাহার জানিয়েছেন, তড়িয়ামহালের মুন্সিপাড়া অংশে অবৈধভাবে বালু আনলোডিং এর সরঞ্জামাদি জব্দ। নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম চলমান।তিনি আরো বলেন, জিওব্যাগ ক্ষতিগ্রস্ত হচ্ছে, এমনভাবে তারা বাঁশের খুটি স্থাপন করে বালু আনলোডিং করছে। ফলে সরকারি সম্পত্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক অফিসার জানান, এভাবে চললে শীঘ্রই এই অঞ্চলে ভয়াবহ এক রক্তপাত ঘটতে চলেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উচিত দ্রুত এই সমস্যার সমাধান করা এবং অবৈধভাবে চলমান এই বালুরঘাট বন্ধ করা। যত তাড়াতাড়ি করবে তত তাড়াতাড়িই মঙ্গল। এছাড়াও আমরা একটি গবেষণায় দেখেছি, এই অঞ্চলে যত মারামারি ও গ্যাঞ্জাম হয়েছে,শৃঙ্খলার অবনতি হয়েছে,তার ৮০ ভাগই অবৈধভাবে বালু উত্তোলন ও প্রভাব বিস্তারকে কেন্দ্র করে। আমরা মূলত তাদের কাছে জিম্মি দশায় আছি।

জানা গেছে, বাহিরচর ইউনিয়নের সবগুলো তড়িয়া বালুমহালে বালু ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু  সংরক্ষণ ও ব্যাপকভাবে পরিবহন  করার কারণে গত বছর পদ্মা নদীতে মারাত্মক  ভাঙ্গন হয়েছিল। এর ফলে বিগত বছরগুলোতেও বিলীন হয়েছে শত শত একর ফসলি জমি ও ব্যবসা প্রতিষ্ঠান। ফলে ঝুঁকিতে ছিল স্থানীয়দের ঘরবাড়ি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান,বৃহত্তম রেল সেতু হার্ডিং ব্রিজ, লালন শাহ  সেতু, ভারত বাংলাদেশ কম্বাইন বিদ্যুৎ প্রকল্প,দক্ষিণ বঙ্গের প্রবেশদ্বার পাবনা-কুষ্টিয়া মহাসড়কসহ বেশ কিছু জাতীয় প্রকল্প। এছাড়াও বালু উত্তোলনকে কেন্দ্র করে প্রতিনিয়ত সৃষ্ট অস্থিরতা,গোলাগুলি,হত্যার মত ঘটনার প্রশমন ও পরিবেশ বিপর্যয় রোধে গত ৬ জুন উপজেলা প্রশাসনের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুরো বালুমহাল এলাকায় লাল পতাকা টাঙিয়ে দেয়। লাল পতাকার মাধ্যমে সীমানা চিহ্নিত করে দেওয়া হয়েছে, যাতে করে ওই এলাকার ভেতরে কোনো ধরনের অবৈধ বালু উত্তোলন,পরিবহন, সংরক্ষণ ও বালু ব্যবসা  করা না হয়। কোন নিয়মের তোয়াক্কা না করে স্থানীয় বালু ব্যবসায়ীরা দেদারসে ব্যবসা পরিচালনা করায় গত ৪ জুন  স্থানীয় সরকার মন্ত্রণালয়ের  খুলনা বিভাগীয় কমিশনার অফিসের  কর্তৃপক্ষ বাহিরচর ইউনিয়নের বালুমহালের রাস্তা বরাবর লাল পতাকা টানিয়ে দিয়েছিল। তারপরেও বালু ব্যবসায়ীরা  পূর্বের মতোই সিন্ডিকেট পরিচালনা করে বালু ব্যবসা করে যাচ্ছিল।গত ২৬ আগস্ট সন্ধ্যায় পুনরায় দ্বিতীয়বারের মতো উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিরুল আরাফাত অভিযান পরিচালনা করে লাল পতাকা টাঙিয়ে দেন। অভিযানকালে বালু স্থানান্তরে ব্যবহৃত পাইপ লাইন সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় তিনি অবৈধভাবে বালু ব্যবসা পরিচালনা, বালু উত্তোলন, পরিবহন সহ ভিক্টোরিয়া মহলের সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করেছিলেন। কিন্তু ব্যবসায়ীদের দৌরাত্ম কোনোভাবেই কমানো যায়নি।

এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মোঃ শামীম শেখ কুষ্টিয়ার খবরকে বলেন, বালু উত্তোলনকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনার কোন অভিযোগ থানায় পড়েনি। তাদের নিজেদের দুই পক্ষের মধ্যেই এ ঘটনা ঘটেছে। এমন ঘটনা মাঝেমধ্যেই ঘটে।

শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার নাম ও মন্তব্য লিখুন। মন্তব্য যাচাইয়ের পর প্রকাশ করা হবে।