পাংশা সংবাদ ডেস্ক: ওমানের উপকূলের কাছে ভারতের পতাকাবাহী একটি পণ্যবাহী নৌযানে অজ্ঞাত আকাশযান থেকে হামলা চালানো হয়েছে। এতে নৌযানটির এক ভারতীয় নাবিক প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) নয়াদিল্লি ঘটনাটি নিশ্চিত করে।
ভারতের নৌপরিবহনমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল জানান, হামলার শিকার ‘এমএসভি আল জুসুফি’ নৌযানে তখন ১৪ জন ভারতীয় নাবিক ছিলেন। তাঁদের ১৩ জন নিরাপদে বেরিয়ে আসতে পারেন, পরে ওমানের কোস্টগার্ড তাঁদের উদ্ধার করে। গুজরাটের বাসিন্দা এক নাবিক আঘাতজনিত কারণে মারা গেছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিবৃতিতে জানান মন্ত্রী।

বিশ্বের বাণিজ্যিক জাহাজগুলোতে নাবিক জোগানো শীর্ষ দেশগুলোর একটি ভারত। দেশটির নৌপরিবহন মন্ত্রণালয়ের হিসাবে, ২০২৫ সালে সক্রিয় ভারতীয় নাবিকের সংখ্যা ছিল তিন লাখ ২০ হাজারের বেশি।
চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা শুরুর পর থেকে হরমুজ প্রণালি এলাকায় বিভিন্ন জাহাজে হামলায় বেশ কয়েকজন ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে। বাণিজ্যিক জাহাজে এমন হামলার বারবার কড়া নিন্দা জানিয়ে আসছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। আন্তর্জাতিক জলসীমায় নিরাপদ ও বাধাহীন নৌ চলাচল নিশ্চিত করারও আহ্বান জানিয়েছে দেশটি।
ছবি: Kenneth Anderson, U.S. Navy / Wikimedia Commons (Public domain) — প্রতীকী ছবি। তথ্যসূত্র: বাসস (এএফপি)


