
হাফেজ মুস্তাফিজুর রহমান এর পিএইচডি ডিগ্রি অর্জন
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া এর ধর্মতত্ত্ব অনুষদের অধীনে আল- হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে সফলভাবে পিএইচডি (PhD) ডিগ্রি অর্জন করেছেন উপাধ্যক্ষ হাফেজ মুস্তাফিজুর রহমান। গত ৩০ সেপ্টেম্বর ২০২৬ অনুষ্ঠিত ১৩৩তম একাডেমিক কাউন্সিল এর সভার সুপারিশক্রমে এবং ১ নভেম্বর ২০২৬ অনুষ্ঠিত ২৭৫তম সিন্ডিকেট সভায় আনুষ্ঠানিকভাবে তাকে এ ডিগ্রি প্রদান করা হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ড. মুস্তাফিজুর রহমান এর গবেষণার বিষয় ছিল ‘আল-হাদীসের আলোকে পারলৌকিক জীবন’ [THE LIFE OF THE HEREAFTER IN THE VIEW OF AL-HADITH]। ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া এর আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের খ্যাতনামা অধ্যাপক ড. মোঃ শফিকুল ইসলাম এর তত্ত্বাবধানে তিনি এ গবেষণাকর্ম সম্পন্ন করেন।
গবেষণার মূল্যায়ন কমিটির মধ্যে ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদ এবং ভারতের গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়, মালদা, পশ্চিমবঙ্গ এর আরবী বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মাদ নাজমুল হক।
ইতোপূর্বে তিনি ২০১২-২০১৩ শিক্ষাবর্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া থেকে এম.ফিল ডিগ্রি অর্জন করেন। তার গবেষণার বিষয় ছিল “আদর্শ সমাজ গঠনে সূরা বানী ইসরাঈলের ভূমিকা” [THE ROLE OF SURAH BANI ISRAIL IN BUILDING UP OF AN IDEAL SOCIETY]
ড. মুস্তাফিজুর রহমান খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনা গ্রামের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মোঃ আব্দুস সাত্তার বিশ্বাস ও ফেরদৌসী বেগমের জ্যেষ্ঠ পুত্র।
বর্তমানে তিনি কুষ্টিয়া জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কুওয়াতুল ইসলাম কামিল মাদ্রাসায় উপাধ্যক্ষ হিসেবে কর্মরত আছেন। তিনি শিক্ষকতা জীবনে ঝালকাঠী এন এস কামিল মাদ্রাসায় প্রভাষক (আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ) পদে, কেশবপুর বাহরুল উলূম কামিল মাদ্রাসা, কেশবপুর, যশোরে মুহাদ্দিস পদে এবং কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার মিরপুর নাজমুল উলূম সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসায় উপাধ্যক্ষ পদে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন ।
গবেষণার মৌখিক পরীক্ষা (ভাইভা-ভোসে) খ্যাতনামা শিক্ষাবিদ ও গবেষকদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। তারা তার গবেষণাকর্মের ভূয়সী প্রশংসা করেন।
এক প্রতিক্রিয়ায় এ অর্জনের জন্য পরম করুণাময় আল্লাহ তা’আলার শুকরিয়া আদায় করেন, তার শিক্ষকবৃন্দ এবং গবেষণাকর্মে সহযোগিতাকারী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ড. মুস্তাফিজুর রহমান।
তিনি লাউড়ী রামনগর কামিল মাদ্রাসা, মনিরামপুর, যশোর থেকে ২০০২ সালে দাখিল (৪.৬৭) এবং ২০০৪ সালে আলিম পরীক্ষায় (৪.৭৫) কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া এর আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে ২০০৮ সালে বি.টি.আই.এস (অনার্স) এবং ২০০৯ সালে এম.টি.আই.এস (মাস্টার্স) ডিগ্রি অর্জন করেন। তিনি অনার্সে ফার্স্ট ক্লাস সেকেন্ড এবং মাস্টার্সে সিজিপিএ ৩.৮৮/৪.০০ প্রাপ্ত হন । তিনি শৈশবে কুরআনুল কারীমের হিফয সম্পন্ন করেন চাকুন্দিয়া এমদাদুল উলূম মাদ্রাসা, ডুমুরিয়া, খুলনা থেকে। এছাড়াও তিনি এবতেদায়ী ৫ম শ্রেণি, দাখিল ৮ম শ্রেণিতে টেলেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত পান এবং দাখিল, আলিম, অনার্স ও মাস্টার্স পরীক্ষায় ভালো ফলাফলের জন্য স্কলারশিপ প্রাপ্ত হন। তিনি সকলের দোয়াপ্রার্থী।


