পাংশা সংবাদ ডেস্ক: রাজবাড়ীর পাংশা থেকে ২০১২ সালে দুই কিশোরকে অপহরণের পর ভারতে পাচারের মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সঙ্গে প্রত্যেককে ৫ লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড। সোমবার (২ নভেম্বর) দুপুরে রাজবাড়ীর মানবপাচার ও অভিবাসী চোরাচালান অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. তহিদুল ইসলাম এ রায় দেন।
দণ্ডিতরা হলেন পাংশা উপজেলার ধুলিয়াট গ্রামের মো. রেজাউল মণ্ডল ও একই গ্রামের মো. শাহীদুল মিয়া। রায় ঘোষণার সময় তাঁরা আদালতে অনুপস্থিত ছিলেন। একই আইনের ১০(১) ধারায় তাঁদের আরও ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১ লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পাবলিক প্রসিকিউটর জাহিদ উদ্দিন মোল্লা।

মামলার নথির বরাতে গণমাধ্যম জানায়, ২০১২ সালের ১০ মে রাতে ভারতে বেড়াতে নেওয়ার কথা বলে ১৬ ও ১২ বছর বয়সী দুই খালাতো ভাইকে মোটরসাইকেলে করে পাংশার আজিজ সরদার বাসস্ট্যান্ডে নেওয়া হয়। সেখানে তাদের দুই পাচারকারীর হাতে তুলে দেওয়া হয়। পরে পিকআপে করে পোড়াদহ রেলস্টেশনে নিয়ে ট্রেনে তুলে পানীয়ের সঙ্গে কিছু খাইয়ে তাদের অচেতন করা হয় এবং অজ্ঞাত স্থানে আটকে রাখা হয়।
১৭ দিন পর ছোট কিশোরটি কৌশলে পাচারকারীদের হাত থেকে পালিয়ে যশোর শহরের পালবাড়ী এলাকায় পৌঁছায় এবং এক চা-দোকানির মোবাইল ফোন থেকে বাড়িতে যোগাযোগ করে। পরে পাংশা থানার পুলিশ তাকে উদ্ধার করে। তবে অন্য কিশোরটিকে ভারতে পাচার করা হয়; এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
ঘটনার পর ২০১২ সালের ২৬ মে নিখোঁজ কিশোরের বাবা বাদী হয়ে রেজাউল মণ্ডলসহ অজ্ঞাতপরিচয় ৭-৮ জনের বিরুদ্ধে পাংশা থানায় মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত এ রায় দিলেন।
ছবি: Joe Gratz / Wikimedia Commons (CC0) — প্রতীকী ছবি। তথ্যসূত্র: গণমাধ্যম সূত্র।


