পাংশা সংবাদ ডেস্ক: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটের কাছে পদ্মা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে দুটি বড় কাতল ও একটি বাগাড় মাছ। তিনটি মাছের মোট ওজন ৭২ কেজি। সোমবার (২ নভেম্বর) সকালে মাছগুলো ধরা পড়ে।
গণমাধ্যম সূত্রে জানা যায়, দলবল নিয়ে পদ্মায় মাছ ধরতে নেমেছিলেন জেলে সেকেন সরদার। জাল তোলার পর তাতে বিশাল আকারের মাছ তিনটি দেখতে পান তাঁরা। পরে দৌলতদিয়ার একটি মৎস্য আড়তে নিয়ে ওজন করলে বাগাড়টি ২৫ কেজি এবং কাতল দুটি ২৫ ও ২২ কেজি হয়।

আড়তের উন্মুক্ত নিলামে স্থানীয় এক মাছ ব্যবসায়ী কাতল দুটি কেজিপ্রতি ২ হাজার ৩০০ টাকা এবং বাগাড়টি কেজিপ্রতি ১ হাজার ৬০০ টাকা দরে কিনে নেন। এতে তিনটি মাছের দাম দাঁড়ায় ১ লাখ ৪৮ হাজার ১০০ টাকা। পরে ওই ব্যবসায়ী মাছগুলো এক কাতারপ্রবাসীর কাছে ১ লাখ ৫৯ হাজার ৫০০ টাকায় বিক্রি করেন।
আড়তমালিক জানান, দৌলতদিয়ার এই বাজারে শুধু পদ্মা নদীর মাছ বিক্রি হয় এবং যে কেউ এসে নিলামে অংশ নিতে পারেন।
ছবি: Khalid Mahmood / Wikimedia Commons (CC BY-SA 4.0) — প্রতীকী ছবি। তথ্যসূত্র: গণমাধ্যম সূত্র।


