পাংশা সংবাদ ডেস্ক: তৈরি পোশাকশিল্পের চলমান পরিস্থিতি নিয়ে রোববার (১ নভেম্বর) রাতে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে একটি পর্যালোচনা বৈঠক হয়েছে। বৈঠকে প্রধানমন্ত্রী শ্রমিকদের স্বার্থ সুরক্ষা, জীবনমান উন্নয়ন ও আর্থিক সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, শিল্পে উৎপাদন ও রপ্তানি যাতে স্বাভাবিক ও নিরবচ্ছিন্ন থাকে, সেদিকেও জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। মজুরি বোর্ডকে পরামর্শ দেওয়ার পাশাপাশি শ্রম মন্ত্রণালয়কে শ্রমিকদের স্বার্থ নিশ্চিত করতে উদ্যোগ নিতে বলা হয়েছে।

মন্ত্রী বলেন, ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণে প্রতি তিন বছর পরপর মজুরি বোর্ড গঠনের বিধান রয়েছে। ডিসেম্বর পর্যন্ত সময় হাতে থাকলেও সরকার মালিক ও শ্রমিকপক্ষের সঙ্গে আলোচনা করে আগেভাগেই বোর্ড গঠনের উদ্যোগ নেয়। শ্রমিকপক্ষের প্রতিনিধিদের নাম আগের রাতে হাতে আসার পর রোববার সকালে বোর্ড গঠনের প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
তাঁর ভাষ্য, বোর্ডে মালিক ও শ্রমিক প্রতিনিধিরা শ্রমিকদের জীবনমান, পরিবার নিয়ে সম্মানজনকভাবে বেঁচে থাকা এবং আর্থিক সক্ষমতার বিষয়গুলো বিবেচনা করে ন্যূনতম মজুরি ঠিক করবেন। আলোচনার পথ খোলা থাকায় সহিংস আন্দোলনের কোনো প্রয়োজন ছিল না বলেও মন্তব্য করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্দোলনের নামে পুলিশের গাড়িতে আগুন, বিভিন্ন স্থানে হামলা, যানবাহন ভাঙচুর ও কারখানায় অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটেছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সহিংসতা বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।
ছবি: Fahad Faisal / Wikimedia Commons (CC BY-SA 4.0) — প্রতীকী ছবি। তথ্যসূত্র: বাসস


