পাংশা সংবাদ ডেস্ক: পাবনার চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের খলিশাগাড়ি বিলে পানির প্রবাহ আটকে রাখা দুটি অবৈধ সোঁতিবাঁধ উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। সোমবার (২ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত বিলের একটি ডোবায় এ অভিযান চলে।
স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান। মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে বাঁধ দুটি ভেঙে দেওয়ার পাশাপাশি এর সঙ্গে জড়িত অভিযোগে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

প্রশাসনের ভাষ্য, বিলের পানির স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা, জলজ পরিবেশ রক্ষা এবং দেশীয় মাছ সংরক্ষণই এ অভিযানের উদ্দেশ্য। অভিযানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আবদুল মতিন এবং চাটমোহর থানা পুলিশের সদস্যরা সহায়তা করেন।
চাটমোহরের উপজেলা নির্বাহী অফিসার খালিদ হাসান জানিয়েছেন, জনস্বার্থ, জলজ পরিবেশের ভারসাম্য ও দেশীয় মৎস্যসম্পদ রক্ষায় উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান সামনেও চলবে।
ছবি: Shahnoor Habib Munmun / Wikimedia Commons (CC BY 3.0) — প্রতীকী ছবি। তথ্যসূত্র: স্থানীয় গণমাধ্যম


