পাংশা সংবাদ ডেস্ক: ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়া শহরে ছয়জনকে গুলি করে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে এ রায় ঘোষণা করা হয়।

একই মামলায় কুষ্টিয়া আওয়ামী লীগের তিন নেতা সদর উদ্দিন খান, আজগর আলী ও আতাউর রহমান আতাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। গণমাধ্যমের খবর অনুযায়ী, চার আসামির অর্ধেক সম্পত্তি বাজেয়াপ্তেরও নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। চার আসামিই পলাতক; তাঁদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী শুনানিতে অংশ নেন।
বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ রায় দেন। আসামিদের বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়েছিল: আন্দোলন দমনে উসকানি ও সহায়তা, ২০২৪ সালের ২৭ জুলাই কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ কার্যালয়ের বৈঠকে আন্দোলনকারীদের ওপর সর্বোচ্চ বলপ্রয়োগের নির্দেশ দেওয়া এবং ৫ আগস্ট শহরে ছয়জনকে হত্যার ঘটনায় সংশ্লিষ্টতা।
প্রসিকিউশনের ভাষ্য অনুযায়ী, ৫ আগস্ট ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচির সঙ্গে একাত্মতা জানিয়ে রাস্তায় নামা ছাত্র-জনতার ওপর দুপুর থেকে বিকেলের মধ্যে কুষ্টিয়া শহরের বিভিন্ন স্থানে গুলি চালানো হয়। এতে শ্রমিক আশরাফুল ইসলাম ও সুরুজ আলী বাবু, শিক্ষার্থী আবদুল্লাহ আল মুস্তাকিন ও উসামা, ব্যবসায়ী বাবলু ফরাজী এবং চাকরিজীবী ইউসুফ শেখ নিহত হন।
২০২৫ সালের ২ নভেম্বর অভিযোগ গঠনের মধ্য দিয়ে ট্রাইব্যুনাল-২-এ এ মামলার বিচার শুরু হয়েছিল।
ছবি (প্রতীকী): Aminul joy / Wikimedia Commons (CC BY-SA 4.0)
তথ্যসূত্র: গণমাধ্যম সূত্র (প্রতিফলন, শেয়ারবাজারনিউজ)


