কুষ্টিয়ায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ আঙ্গিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে… জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক ঘোষিত ‘দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’-এর অংশ হিসেবে কুষ্টিয়ায় বিশেষ মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) বেলা ১১টার দিকে কুষ্টিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের হাউজিং এস্টেট বাজার, সংলগ্ন রাস্তাঘাট, ড্রেন ও পার্শ্ববর্তী এলাকায় কুষ্টিয়ার জেলা প্রশাসক এবং পৌর প্রশাসকের যৌথ নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
অভিযানকালে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ তৌহিদ বিন হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক ও কুষ্টিয়া পৌরসভার প্রশাসক মোঃ মিজানুর রহমান, কুষ্টিয়া জেলা জাসাসের সিনিয়র সহ-সভাপতি ফরিদ আলী খান এবং জেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আমজাদ হোসেন বিদ্যুৎ এবং কুষ্টিয়া পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মাহমুদ রেজা চৌধুরী। এছাড়াও কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সর্বস্তরের সাধারণ জনগণ।
অভিযান পরিচালনাকালে জেলা প্রশাসক মোঃ তৌহিদ বিন হাসান বাজারে জমে থাকা পানি অপসারণ, আবর্জনা পরিষ্কার এবং ড্রেনগুলোতে মশানাশক স্প্রে করার বিষয়টি সরাসরি তদারকি করেন। সেই সাথে ডেঙ্গু প্রতিরোধে এলাকার বাসিন্দা ও ব্যবসায়ীদের নিজ নিজ আঙ্গিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান তারা।
পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে ও ডেঙ্গুর প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে রাখতে শহরজুড়ে এই পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান চলমান থাকবে।


