সকালেও মিরপুরের একাডেমি মাঠে ব্যাটসম্যানদের অনুশীলনে ছিলেন মোহাম্মদ আশরাফুল, নাজমুল হোসেন ও সাদমান ইসলামদের সঙ্গে আলাদা করে কাজও করেছেন। তবে দিন শেষে এল জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব থেকে তাঁকে সরিয়ে দেওয়ার ঘোষণা।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এ সিদ্ধান্ত জানিয়েছে। সাবেক এই অধিনায়ককে বিসিবির অন্য একটি দায়িত্বে নিয়োগ দেওয়া হবে, তবে নতুন দায়িত্ব কী হবে তা এখনো জানানো হয়নি।
নতুন ব্যাটিং কোচ নিয়োগ না দেওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করবেন বিসিবির হাই পারফরম্যান্স বিভাগের প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দীন।
২০২৫ সালের নভেম্বরে আশরাফুল জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন। এক বছরেরও কম সময়ের মধ্যে তাঁকে সরিয়ে দেওয়া হলো। কী কারণে এই পরিবর্তন, সংবাদ বিজ্ঞপ্তিতে তা উল্লেখ করেনি বিসিবি। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় সিরিজে ব্যর্থতার পর দলের ব্যাটিং তীব্র সমালোচনার মুখে পড়েছিল।
তথ্যসূত্র: প্রথম আলো
ছবি: Nurunnaby Chowdhury (Hasive) / Wikimedia Commons (CC BY-SA 4.0)


