১৯৭১ সালের ২৪ নভেম্বর যুক্তরাষ্ট্রের পোর্টল্যান্ড থেকে সিয়াটলগামী নর্থওয়েস্ট ওরিয়েন্ট এয়ারলাইনসের ৩০৫ নম্বর ফ্লাইটে উঠেছিলেন স্যুট-টাই পরা এক মধ্যবয়সী যাত্রী। টিকিটে নাম লিখিয়েছিলেন ড্যান কুপার। উড়োজাহাজ আকাশে ওঠার কিছুক্ষণ পর তিনি বিমানবালার হাতে একটি চিরকুট দেন, যাতে লেখা ছিল তাঁর ব্রিফকেসে বোমা আছে।
তাঁর দাবি ছিল ২ লাখ ডলার, সব ২০ ডলারের নোটে, আর চারটি প্যারাস্যুট। সিয়াটলে অবতরণের পর ৩৬ জন যাত্রীকে ছেড়ে দেওয়ার বিনিময়ে তাঁকে টাকা ও প্যারাস্যুট দেওয়া হয়। এরপর কয়েকজন ক্রুকে রেখে তিনি উড়োজাহাজটিকে মেক্সিকো সিটির দিকে ওড়ার নির্দেশ দেন, সঙ্গে কম উচ্চতা, নির্দিষ্ট গতি আর পেছনের সিঁড়ি নামানোর শর্ত।
সেদিন রাত আটটার কিছু পরে, সিয়াটল ও নেভাদার রেনোর মাঝামাঝি কোথাও, উড়োজাহাজের পেছনের সিঁড়ি দিয়ে প্যারাস্যুট নিয়ে অন্ধকার ও ঝোড়ো আকাশে ঝাঁপ দেন তিনি। এরপর আর কখনো তাঁর খোঁজ মেলেনি।
ইতিহাসে এই অজ্ঞাতপরিচয় ছিনতাইকারী পরিচিত হয়ে আছেন ডি বি কুপার নামে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই কয়েক দশক ধরে তদন্ত চালালেও তাঁর পরিচয় নিশ্চিত হয়নি।
তথ্যসূত্র: প্রথম আলো
ছবি: Marilyn Newton / Wikimedia Commons (Public domain)


