রাজবাড়ীর পাংশার পরকীয়ার জেরে যুবক হত্যা: নারায়ণগঞ্জ থেকে লাশ উদ্ধার

পাংশা নিউজ
শেয়ার করুন:
প্রকাশ: হালনাগাদ:

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধিঃ রাজবাড়ীর পাংশায় পরকীয়ার জেরে আবরাহাম খান ওরফে আলিম নামের এক যুবককে ডেকে নিয়ে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৭টার দিকে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদী সাকিনস্থ চকের মধ্য থেকে মাথাবিহীন অবস্থায় আলিমের মরদেহ উদ্ধার করেছে আড়াইহাজার থানা পুলিশ।
নিহত আলিম রাজবাড়ীর পাংশা পৌরসভার ১ নং ওয়ার্ডের চরদুর্লভদিয়া ওয়াজেদ খানের ছেলে।
জানা গেছে, আলিম কাতার প্রবাসী। ৬-৭ মাস আগে বাড়িতে আসেন। এর মধ্যে পাংশা পৌর শহরের পারনারায়নপুর এলাকার প্রবাসী মোবারক মন্ডলের স্ত্রী মরিয়ম আক্তারের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়েন। অভিযোগ রয়েছে কিছুদিন আগে ওই নারীর সাথে পরকীয়া করতে গিয়ে এলাকাবাসীর হাতে ধরা পড়েন। তার পর থেকে ওই নারী বাবার বাড়ি নারায়ণগঞ্জে চলে যায়।
গত ১৫ ডিসেম্বর কালুখালী উপজেলার বন্ধু সাকিল শেখের সাথে ঢাকায় কাজে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় আলিম। ১৫ তারিখ রাত থেকেই আলিমের ফোন বন্ধ পায় তার পরিবার।
এ বিষয়ে আলিমের বন্ধু সাকিল শেখ বলেন, গত ৫-৬ মাসের মধ্যে আলিমের সাথে আমার কোন যোগাযোগ নেই। আজ সকালে আলিমের চাচা আমাকে ফোন দিয়ে জানায় আলিমকে নারায়ণগঞ্জে হত্যা করা হয়েছে। এ বিষয়ে আমি কিছুই জানি না।
আলিমের পরিবারের অভিযোগ, পরকীয়ায় জড়িত ওই নারী আলিমকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। আলিমের হত্যার সাথে জড়িতদের ফাঁসির দাবি জানান আলিমের পরিবার।
অভিযুক্ত ওই নারী মরিয়ম আক্তারের স্বামীর বাড়িতে গেলে কাউকে পাওয়া যায়নি। অভিযুক্ত মরিয়ম আক্তারের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুল ইসলাম বলেন, নারায়ণগঞ্জ আড়াইহাজার থানা পুলিশের মাধ্যমে সংবাদ পাই। বিষয়টি নিহতের পরিবারকে জানানো হয়েছে। তারা মরদেহ আনতে নারায়ণগঞ্জে গেছেন।
এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলাউদ্দিন বলেন, ১৬ ডিসেম্বর আমরা তার মাথাবিহীন মরদেহ উদ্ধার করেছি। যেখান থেকে লাশ উদ্ধার করা হয়েছে তার পাশের একটি খাল থেকে আজ বিকাল ৪টার দিকে মাথা পাওয়া গেছে। এ বিষয়ে নিহতের পরিবার অজ্ঞাত আসামী করে থানায় একটি মামলা করেছেন। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখছি।

শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার নাম ও মন্তব্য লিখুন। মন্তব্য যাচাইয়ের পর প্রকাশ করা হবে।