কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি ঃ রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত হয়েছে। এতে ৪ ব্যবসা প্রতিষ্ঠানের ৪ কোটি টাকার সম্পদের ক্ষতি হয়েছে।
মঙ্গলবার সকাল ৬ টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
রতনদিয়া বাজার বণিক সমিতির সহ সভাপতি আলমগীর হোসেন জানান, মঙ্গলবার সকাল ৬ টায় বসির মাহমুদের বিশ্বাস এন্টারপ্রাইজ এর বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূচনা হয়। এতে ওই প্রতিষ্ঠানের আনুমানিক দেড় কোটি টাকার হার্ডওয়্যার সামগ্রী পুড়ে যায়। পরে তা সোহেল সরদারের ঢাকা হার্ডওয়্যারের দোকানে ছড়িয়ে পড়ে। ওই প্রতিষ্ঠানেরও দেড় কোটি টাকার মালামাল পুড়ে যায়।
পরে আগুনের লেলিহান শিখা আবুল কাসেম মন্ডলের ভুষিমাল ( ধনিয়া ও পেঁয়াজ) দোকান ও হাজী ওয়াজেদ আলী বিশ্বাসের পাটের গুদামে ছড়িয়ে পড়ে। এতে ২ ব্যবসায়ীর ১ কোটি টাকার ধনিয়া,পেঁয়াজ ও পাট পুড়ে যায়। এসময় কালুখালী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডের পর কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান,ক্ষতিগ্রস্তদের তালিকা ও ক্ষতির পরিমাণ উল্লেখ করে জেলা প্রশাসকের নিকট পাঠানো হবে। সরকারী নিয়মানুযায়ী যতটুকু সহায়তা প্রদান সম্ভব তা ক্ষতিগ্রস্তদের দেওয়া হবে।


