পাংশা সংবাদ ডেস্ক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় গাছের গুঁড়িবোঝাই একটি ট্রাকের চাকার নিচে পড়ে মহিউদ্দিন (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার ৬ নম্বর ত্রিলোচনপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গা বাজারসংলগ্ন চাপাতালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মহিউদ্দিনের বাড়ি পাশের কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গিয়ারপোতা গ্রামে। তাঁর বাবার নাম মইনুল ইসলাম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চাপাতালা মোড়ের একটি দোকানে চা খাওয়ার পর তিনি হেঁটে বালিয়াডাঙ্গা বাজারের দিকে যাচ্ছিলেন। ওই সময় লাউতলার দিক থেকে বালিয়াডাঙ্গামুখী গাছের গুঁড়ি বোঝাই একটি ট্রাক তাঁকে চাপা দেয়। গুরুতর আঘাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ঘটনাটি নিশ্চিত করে জানান, মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।
ছবি: Kritzolina / Wikimedia Commons (CC BY-SA 4.0) — প্রতীকী ছবি। তথ্যসূত্র: বাসস ও স্থানীয় গণমাধ্যম (গ্রামের কাগজ)।


