পাংশা সংবাদ ডেস্ক: দেশের প্রতিটি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে মাদক ও ইভটিজিং প্রতিরোধে কমিটি গঠন করতে বলেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। রোববার (৮ নভেম্বর) অধিদপ্তরের সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. রেজাউল করিমের সই করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
চিঠি অনুযায়ী, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটিতে থাকবেন শিক্ষক, অভিভাবক, স্থানীয় কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।

গত ৫ নভেম্বর জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) জাতীয় নিরাপত্তা-সংক্রান্ত কমিটির মাসিক সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবেই মাউশির এই নির্দেশনা।
কমিটি গঠনের পর তিন কর্মদিবসের মধ্যে বিষয়টি নিশ্চিত করে প্রতিবেদন পাঠাতে বলা হয়েছে। মাউশির আঞ্চলিক কার্যালয় এবং সরকারি-বেসরকারি কলেজ ও টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষদের কাছে চিঠিটি পাঠানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার ওপর চিঠিতে বিশেষ জোর দেওয়া হয়েছে।
ছবি: Uday Karmoker / Wikimedia Commons (CC BY-SA 4.0) — প্রতীকী ছবি। তথ্যসূত্র: বাসস


