
কুষ্টিয়ার মিরপুরে মহিলা মেম্বারের উপর হামলার অভিযোগ ও মামলা দায়ের, আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন
কুষ্টিয়া, ৭ সেপ্টেম্বর-২০২৬ ইং: কুষ্টিয়া:
কুষ্টিয়ার মিরপুর উপজেলার চিথলিয়া ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য রেশমা খাতুন নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে তিনি মামলার প্রধান আসামিদের দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে রেশমা খাতুন অভিযোগ করেন, চিথলিয়া ইউনিয়নের আক্তার মোল্লার ছেলে রতন মোল্লাকে ১ নম্বর এবং তাঁর ছেলে লিখন মোল্লাকে ২ নম্বর আসামি করে মামলা দায়ের করা হলেও পুলিশ এখনও তাঁদের গ্রেপ্তার করছে না। তিনি অবিলম্বে আসামিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দুপুর ২টার দিকে নিজ বাড়িতে অবস্থানকালে ১ ও ২ নম্বর আসামিসহ অন্যান্যরা তাঁর ওপর হামলা ও নানা ধরনের হুমকি প্রদর্শন করেন। এ ঘটনায় কুষ্টিয়ার মিরপুর থানায় মামলা দায়ের করা হলেও আসামিরা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছেন বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।
কুষ্টিয়ার মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, এঘটনায় একটি মামলা হয়েছে, আসামীদের ধরতে কাজ করছে পুলিশ।


