পাংশা সংবাদ ডেস্ক: অনুমতি ছাড়া হরমুজ প্রণালী পার হওয়ার চেষ্টাকালে মাইনের আঘাতে দুটি তেলবাহী ট্যাংকারে আগুন ধরে গেছে বলে দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। শুক্রবার (৬ নভেম্বর) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে বাহিনীটি এ দাবি করে।
বিবৃতি অনুযায়ী, ক্ষতিগ্রস্ত জাহাজ দুটির একটি ছিল প্রণালীর পূর্ব দিকে, অন্যটি প্রণালীর ভেতরে। আইআরজিসির অভিযোগ, জাহাজ দুটি নিজেদের নৌ-চলাচল ও শনাক্তকরণ ব্যবস্থা বন্ধ রেখে মার্কিন বাহিনীর সহায়তায় প্রণালী থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিল। মাইনে ধাক্কা লাগার পর সেগুলোতে আগুন ধরে এবং থেমে যেতে বাধ্য হয়।

এর এক দিন আগে বৃহস্পতিবারও ইরানি সংবাদমাধ্যম হরমুজে পাঁচটি তেলের ট্যাংকার ও একটি টাগবোটে একই ধরনের আগুনের খবর দিয়েছিল। তবে সামুদ্রিক নিরাপত্তা বা নৌ-চলাচল সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষ এখন পর্যন্ত এসব ঘটনার একটিও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।
স্বাভাবিক সময়ে বিশ্বে ব্যবহৃত মোট তেলের প্রায় এক-পঞ্চমাংশ এই সরু জলপথ দিয়ে পরিবহন করা হয়। গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর থেকে ইরান এখানে জাহাজ চলাচল সীমিত রাখার চেষ্টা করছে। জবাবে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে অবরোধ আরোপ করেছে এবং পাহারা দিয়ে তেলবাহী জাহাজ প্রণালী পার করাচ্ছে।
মার্কিন সেন্ট্রাল কমান্ড গত মাসে জানিয়েছিল, গ্রীষ্মকাল থেকে তারা হরমুজ হয়ে উপসাগরীয় দেশগুলোর প্রায় ১৫০ কোটি ব্যারেল তেল রপ্তানিতে সহায়তা করেছে। সম্প্রতি সংস্থাটি জলপথটি থেকে সব মাইন সরিয়ে ফেলার দাবিও করেছিল।
ছবি: Gordon Leggett / Wikimedia Commons (CC BY-SA 4.0) — প্রতীকী ছবি। তথ্যসূত্র: বাসস


