পাংশা সংবাদ ডেস্ক: ঝিনাইদহের কালীগঞ্জ পৌর শহরের নতুন বাজার এলাকা থেকে ওয়াদুদ বিশ্বাস (৫৫) নামে এক হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৭টার দিকে নতুন বাজারের ছাগলহাটায় চারপাশ খোলা একটি ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওয়াদুদ বিশ্বাস পৌর এলাকার আড়পাড়া গ্রামের নদীপাড়ার বাসিন্দা। নতুন বাজারে তিনি একটি ভাতের হোটেল চালাতেন। শুক্রবার সকালে এলাকাবাসী ঘরটিতে তাঁর মরদেহ ঝুলতে দেখে পুলিশে খবর দেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
ওসির ভাষ্য, মৃত্যুটি হত্যা নাকি আত্মহত্যা, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
ছবি: Ibrahim Husain Meraj / Wikimedia Commons (CC BY-SA 4.0) — প্রতীকী ছবি। তথ্যসূত্র: স্থানীয় গণমাধ্যম।


