ভেড়ামারা উপজেলা প্রশাসনের উদ্যোগে নদীভাঙ্গন ও অগ্নিকাণ্ডে নিঃস্ব পানচাষীদের মাঝে

ভেড়ামারা উপজেলা প্রশাসনের উদ্যোগে নদীভাঙ্গন ও অগ্নিকাণ্ডে নিঃস্ব পানচাষীদের মাঝে

পাংশা নিউজ সমগ্র বাংলাদেশ
শেয়ার করুন:
প্রকাশ:
ভেড়ামারা উপজেলা প্রশাসনের উদ্যোগে নদীভাঙ্গন ও অগ্নিকাণ্ডে নিঃস্ব পানচাষীদের মাঝে

ভেড়ামারা উপজেলা প্রশাসনের উদ্যোগে নদীভাঙ্গন ও অগ্নিকাণ্ডে নিঃস্ব পানচাষীদের মাঝে চাউল বিতরণ

বুলবুল আহমেদ:

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে নদীভাঙ্গন ও অগ্নিকাণ্ডে নিঃস্ব পানচাষীদের মাঝে চাউল বিতরণ করা হয়েছে। গতকাল ৪ঠা নভেম্বর, বুধবার সকাল ১০ টায় বাহাদুরপুর ইউনিয়নের ক্ষতিগ্রস্ত পানচাষীদের সাহায্যার্থে বিনামূল্যে এই চাউল বিতরণ কর্মসূচি গ্রহন করা হয়। বাহাদুরপুর, জুনিয়াদহ ও মোকারিমপুর এই তিন ইউনিয়নের মোট ৩৫০ জন ক্ষতিগ্রস্ত পানচাষীদের মধ্যে ২৫ কেজি করে এই চাল বিতরণ করা হবে। এর মধ্যে প্রথম দিন বুধবার সকাল ১০টা থেকে বাহাদুরপুরের ২৮৮ জন সুবিধাভোগীকে বাহাদুরপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বিনামূল্যে এই চাল বিতরণ করা হয়।

জেলা প্রশাসনের অনুদানের অংশ হিসাবে দেওয়া এই চাল সামগ্রী বিতরণ করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিরুল আরাফাত ও ৩০৬ মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা সুলতানা, পিআইও অফিসের কর্মকর্তা মিজানুর রহমানসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ,বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের দায়িত্বশীল কর্মীরাও উপস্থিত ছিলেন।

জানা গেছে, বেশ কয়েক বছর ধরে পদ্মা নদীতে লাগাতার ভাঙনের ফলে বাহাদুরপুর ইউনিয়নের আরকান্দি, রায়টা, মাধবপুর, লিসিনদিয়ার,জুনিয়াদহ ইউনিয়নের রায়টা, ফয়জুল্লাপুর,হরিপুর,

জুনিয়াদহ বাজার এলাকায় প্রায় বিশ হাজার বিঘা ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। এর মধ্যে বড় অংশ জুড়ে রয়েছে চাষীদের পানবরজের এলাকা। এছাড়াও গত তিন বছর আগে এই অঞ্চলেই শতশত বিঘা পান বরজ অগ্নিকাণ্ডে পুড়ে যায়। সবমিলিয়ে নদীভাঙ্গন ও অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়েছেন কয়েক হাজার লোকজন। এই বিষয় নিয়ে কুষ্টিয়ার খবরসহ বিভিন্ন সংবাদপত্রে লেখালেখির পর প্রশাসন নড়েচড়ে বসে। পরবর্তীতে ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার মো: আমিরুল আরাফাত ও সহকারী কমিশনার ভূমি গাজী আশিক বাহার ভাঙ্গন কবলিত এলাকা বেশ কয়েকবার সরজমিনে পরিদর্শন করেন। এ সময় তারা প্রথম পর্যায়ে ৩২০ জন পানচাষীর একটি তালিকা প্রস্তুত করেন। পরবর্তীতে তা বর্ধিত করা হয়। এদের নামের তালিকা জেলা প্রশাসনের কাছে সাহায্য সহযোগিতার জন্য পাঠানো হয়। জেলা প্রশাসন পরবর্তীতে প্রত্যেককে ২৫ কেজি করে চালের একটি বরাদ্দ প্রদান করে।

ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার মো: আমিরুল আরাফাত বলেন, আমরা জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে ৩৫০ জন পানচাষীর জন্য ২৫ কেজি করে চালের বরাদ্দ পেয়েছি। বুধবার প্রথম দিনে বাহাদুরপুরের ২৮৮ জন সুবিধাভোগীর মাঝে এটা বিতরণ করা হবে। বাকিদের পরবর্তী দিন দেওয়া হবে।

এসময় মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন বলেন, আমি সরকারের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পানচাষীদের জন্য আরও বরাদ্দ আনার চেষ্টা করব।

শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার নাম ও মন্তব্য লিখুন। মন্তব্য যাচাইয়ের পর প্রকাশ করা হবে।