পাংশা সংবাদ ডেস্ক: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে এক জেলের জালে ২৩ কেজি ওজনের একটি বড় কাতল মাছ ধরা পড়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোরে মাছটি ধরা পড়ে বলে গণমাধ্যম সূত্রে জানা গেছে।
জেলে লুৎফর হালদার দৌলতদিয়ার ৩ ও ৪ নম্বর ফেরিঘাটের মাঝামাঝি নদীর অংশে চাপ জাল ফেলেছিলেন। সেখানেই বিশাল মাছটি তাঁর জালে আটকা পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরেই মাছটি দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী চান্দু মোল্লার দোকানে আনা হয়। পরে নিলামে তোলা হলে দৌলতদিয়া মাছবাজারের রেজাউলের আড়ত কেজিপ্রতি ২ হাজার ৪০০ টাকা দরে মোট ৫৫ হাজার ২০০ টাকায় মাছটি কিনে নেয়।
মাছ ব্যবসায়ী চান্দু মোল্লার বরাতে জানা গেছে, এরপর কেজিতে কিছুটা লাভ রেখে মুঠোফোনে যোগাযোগের মাধ্যমে মাছটি ঢাকার গুলশানের এক ক্রেতার কাছে বিক্রি করা হয়েছে।
ছবি: Khalid Mahmood / Wikimedia Commons (CC BY-SA 4.0) — প্রতীকী ছবি। তথ্যসূত্র: স্থানীয় গণমাধ্যম।


