ছাদের সৌরবিদ্যুৎ ইউনিটপ্রতি ১০ টাকায় কিনবে সরকার, পাঁচ বছরে লক্ষ্য ১০ হাজার মেগাওয়াট

ছাদের সৌরবিদ্যুৎ ইউনিটপ্রতি ১০ টাকায় কিনবে সরকার, পাঁচ বছরে লক্ষ্য ১০ হাজার মেগাওয়াট

সমগ্র বাংলাদেশ
শেয়ার করুন:
প্রকাশ:

পাংশা সংবাদ ডেস্ক: আগামী পাঁচ বছরে দেশে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য ঠিক করেছে সরকার। পাশাপাশি বাসাবাড়ির ছাদে উৎপাদিত উদ্বৃত্ত বিদ্যুৎ সরকার প্রতি ইউনিট ১০ টাকা দরে কিনে নেবে। বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব তথ্য জানান।

কার্যপ্রণালি বিধির ৭১ বিধিতে সংরক্ষিত নারী আসনের এক সংসদ সদস্যের আনা মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে মন্ত্রী বলেন, দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ সৌরশক্তি থেকে মেটানোর পরিকল্পনার অংশ হিসেবেই এই লক্ষ্য নেওয়া হয়েছে। দলের নির্বাচনী ইশতেহারে ৩০ শতাংশ বিদ্যুৎ সৌরশক্তি থেকে উৎপাদনের প্রতিশ্রুতি ছিল বলেও তিনি উল্লেখ করেন।

ছাদে সৌরবিদ্যুতের হিসাব তুলে ধরে মন্ত্রী জানান, এ ব্যবস্থায় প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে সর্বোচ্চ খরচ পড়বে ৮ টাকা, আর সরকার তা কিনবে ১০ টাকায়। ফলে নিজের চাহিদা মিটিয়ে বাড়তি বিদ্যুৎ বিক্রি করে একজন গ্রাহক প্রতি ইউনিটে দুই টাকা পর্যন্ত আয় করতে পারবেন। নিরবচ্ছিন্ন সরবরাহের জন্য প্যানেলের সঙ্গে ব্যাটারি সংরক্ষণ ব্যবস্থা রাখার ওপরও জোর দেন তিনি।

কারখানার ছাদে স্থাপিত সৌর প্যানেল (প্রতীকী ছবি)
কারখানার ছাদে সৌর প্যানেল। ছবি: HokuroN / Wikimedia Commons (CC BY-SA 4.0) — প্রতীকী ছবি

মন্ত্রী আরও জানান, সৌরবিদ্যুৎ সেবা সম্প্রসারণের দরপত্রে ৮ হাজারের বেশি সরবরাহকারী আবেদন করেছে। সম্প্রতি দুই দিনের জাতীয় সৌরবিদ্যুৎ মেলা হয়েছে; এ ধরনের মেলা বিভাগীয় শহরগুলোতে এবং পরে জেলা পর্যায়েও আয়োজন করা হবে। সরকারি দপ্তরগুলোর ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা বসাতে মন্ত্রিপরিষদ বিভাগ সব জেলা প্রশাসককে নির্দেশনা দিয়েছে এবং এ জন্য অর্থও বরাদ্দ করা হয়েছে।

সৌরবিদ্যুৎ উন্নয়ন নিয়ে সম্প্রতি জারি হওয়া অধ্যাদেশের পর অল্প সময়ের মধ্যে জাতীয় গ্রিডে প্রায় ২০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত হয়েছে বলে জানান মন্ত্রী। নীতিসহায়তা, বেসরকারি বিনিয়োগ ও জনগণের অংশগ্রহণ অব্যাহত থাকলে লক্ষ্য অর্জন সম্ভব হবে এবং প্রচলিত উৎসের ওপর নির্ভরতা কমবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ছবি: HokuroN / Wikimedia Commons (CC BY-SA 4.0) — প্রতীকী ছবি। তথ্যসূত্র: বাসস

শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার নাম ও মন্তব্য লিখুন। মন্তব্য যাচাইয়ের পর প্রকাশ করা হবে।