
কুমারখালীতে মাকে মারধরের প্রতিবাদ করতে গিয়ে মারধরের শিকার বোন-জামাই
কুমারখালীতে মাদকাসক্ত সন্তানের হাতে মারধরের শিকার বাবা-মা ও বোন জামাই, থানায় অভিযোগ
কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি:
কুষ্টিয়ার কুমারখালীতে বাবা-মাকে মারধরের প্রতিবাদ করতে গিয়ে স্ত্রীকে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে তার আপন ভাই ভাবি ও ভাতিজার বিরুদ্ধে। এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে কুমারখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীর স্বামী।
শনিবার (১ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে উপজেলার চাঁপড়া ইউনিয়নের ছেঁউড়িয়া মহাশ্মশান এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী মোছা. রানী খাতুন (৩৪)। তার স্বামী মো. আজিম মন্ডল (৪০) উপজেলার চাপড়া ইউনিয়নের উত্তর মিরপুর গ্রামের বাসিন্দা। অভিযুক্তরা হলেন একই ইউনিয়নের ছেঁউড়িয়া মহাশ্মশান এলাকার মো. রানা (৪০), তার ছেলে মো. রাসেল (১৯) ও তার স্ত্রী মোছা. আকলিমা খাতুন (৩৫)।
লিখিত অভিযোগে আজিম মন্ডল উল্লেখ করেন, গত ১ নভেম্বর সন্ধ্যায় অভিযুক্তরা তার শ্বশুর-শাশুড়িকে তাদের বাড়িতে মারধর করছিল। খবর পেয়ে তার স্ত্রী রানী খাতুন সেখানে গিয়ে এর কারণ জিজ্ঞাসা করলে অভিযুক্তরা তার ওপর চড়াও হন। অভিযোগে বলা হয়, এ সময় ১ নম্বর বিবাদী তার চুলের মুঠি ধরে চড়-থাপ্পড়, কিল-ঘুষি ও লাথি মারলে তার নাক ফেটে রক্তাক্ত জখম হয়। পরে ২ নম্বর বিবাদী কাঠের বাটাম দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে এবং ৩ নম্বর বিবাদী গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যাচেষ্টা করে।
অভিযোগে আরও বলা হয়, স্ত্রীকে বাঁচাতে স্বামী আজিম এগিয়ে গেলে অভিযুক্তরা তাকেও বাঁশের লাঠি দিয়ে মারধর করে আহত করে এবং প্যান্টের পকেটে থাকা ৬০ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে স্থানীয়দের সহায়তায় আহত রানী খাতুনকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ বিষয়ে অভিযুক্তর মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও নম্বর বন্ধ থাকায় বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান "এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"


