পাংশা সংবাদ ডেস্ক: এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় মানিকগঞ্জের তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একজন পরীক্ষার্থীও উত্তীর্ণ হতে পারেননি। প্রতিষ্ঠান তিনটি হলো ঘিওর উপজেলার ড. আব্দুর রহিম খান মহিলা কলেজ, সদর উপজেলার গোলাম মনির হোসেন কলেজ এবং দৌলতপুর উপজেলার বাঘুটিয়া আলিম মাদ্রাসা। জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমির হোসেন শনিবার (৩১ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন।

গণমাধ্যম সূত্রে জানা যায়, শূন্য পাসের প্রতিষ্ঠানগুলোতে পরীক্ষার্থীর সংখ্যা ছিল খুবই কম। গোলাম মনির হোসেন কলেজের সাতজন এবং বাঘুটিয়া আলিম মাদ্রাসার নয়জন পরীক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়েছেন।
জেলার সাত উপজেলার ৩৫টি প্রতিষ্ঠান থেকে এবার ১০ হাজার ১৪৪ জন পরীক্ষায় অংশ নেন। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৩ হাজার ৯১৫ জন, গড় পাসের হার ৩৮ দশমিক ৫৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৮৭ জন।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জানান, কেন এমন ফল বিপর্যয় হলো তা দেখে শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ছবি: Abaddon1337 / Wikimedia Commons (CC BY-SA 4.0) — প্রতীকী ছবি
তথ্যসূত্র: স্থানীয় গণমাধ্যম


