পাংশা সংবাদ ডেস্ক: শোভাযাত্রা, আলোচনা সভা ও ঋণের চেক বিতরণের মধ্য দিয়ে রবিবার (১ নভেম্বর) রাজবাড়ীতে সাত দিনের জাতীয় যুব সপ্তাহের কর্মসূচি শুরু হয়েছে। জাতীয় যুব দিবস উপলক্ষে সারা দেশে ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে এই সপ্তাহ পালিত হচ্ছে।

বাসসের খবরে বলা হয়, সকালে জেলা প্রশাসক আফরোজা পারভীনের নেতৃত্বে জেলা যুব উন্নয়ন অধিদপ্তর কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের হয়। শহরের প্রধান সড়ক ও জেলা টিটিসি ঘুরে শোভাযাত্রাটি আবার অধিদপ্তর কার্যালয়ে ফিরে আসে। পরে অধিদপ্তরের সম্মেলন কক্ষে আলোচনা সভায় ১১ জন যুবকের হাতে ঋণের চেক তুলে দেওয়া হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তারিফ উল হাসানের সভাপতিত্বে সভায় জেলা প্রশাসক প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক মো. আব্দুস সালাম, পুলিশ সুপার মীর মনির হোসেন ও সিভিল সার্জন ড. এস এম মাসুদ। স্বাগত বক্তব্য দেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক চায়না ব্যানার্জি।
বক্তব্যে পুলিশ সুপার ও সিভিল সার্জন তরুণদের মাদক থেকে দূরে রাখতে সবাইকে সচেতন হয়ে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। জেলা প্রশাসক বলেন, তরুণদের প্রশিক্ষণ দিতে সরকার নানা উদ্যোগ নিয়েছে; নিজের দক্ষতা কাজে লাগিয়ে আগে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে, তবেই দেশ গড়ার কাজও এগিয়ে যাবে।
আয়োজকেরা জানান, সপ্তাহজুড়ে জেলায় বৃক্ষরোপণ, জলাশয় ও খাল-বিল পরিষ্কার, মাছের পোনা অবমুক্ত, রক্তদান এবং ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন কর্মসূচি পালন করা হবে।
ছবি: Tanmoy Datta / Wikimedia Commons (CC BY-SA 4.0) — প্রতীকী ছবি
তথ্যসূত্র: বাসস


